শিশুসাহিত্যিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ছোটকাকু সিরিজের চৌদ্দটি বই নতুন মোড়ক ও ভিন্ন আঙ্গিকে প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশ। শনিবার চ্যানেল আই প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই বইগুলোর মোড়ক উন্মোচন করা হয়। প্রকাশিত এই চৌদ্দটি বইয়ের মধ্যে দশটিতে রয়েছে দুটি করে মোট বিশটি রহস্যকাহিনি এবং ব্যতিক্রমী পরিকল্পনায় প্রতিটি বইয়ে রাখা হয়েছে দুটি করে প্রচ্ছদ। পাশাপাশি এই সিরিজে যুক্ত হয়েছে আরও চারটি অনুবাদ গ্রন্থ। সব কটি বইয়ের প্রচ্ছদ এঁকেছেন বিশিষ্ট অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে লেখক ফরিদুর রেজা সাগরের সঙ্গে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, অভিনেতা আফজাল হোসেন ও তারিক আনাম খান, লেখক আনিসুল হক, দেশ রূপান্তর সম্পাদক মোস্তাফিজ শফি, আগামীর সময় সম্পাদক মোস্তফা মামুন এবং অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাছরাঙা টেলিভিশনের হেড অব নিউজ হামিদুল হক, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, মাত্রার ব্যবস্থাপনা অংশীদার সানাউল আরেফিন, চ্যানেল আইয়ের চিফ এক্সিকিউটিভ এডিটর জাহিদ নেওয়াজ খানসহ বিশিষ্ট লেখক, সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা। পুরো আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কবি ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান মহাব্যবস্থাপক রাজু আলীম। অনুষ্ঠানে জানানো হয়, ছোটকাকুর ভক্ত ও পাঠকদের জন্য আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর অর্থাৎ সোম ও মঙ্গলবার রাজধানীর তেজগাঁও লিংক রোডের আলোকি প্রাঙ্গণে দুই দিনব্যাপী ছোটকাকু উৎসব অনুষ্ঠিত হবে। বিজ্ঞাপনী সংস্থা মাত্রা এই উৎসবের আয়োজন করছে।
ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজের চৌদ্দটি নতুন বই প্রকাশিত হয়েছে। আসছে সোম ও মঙ্গলবার রাজধানীতে বসছে ছোটকাকু উৎসব।


0 Comments