সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্ত সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীরা রাজধানীর শাহবাগে আজ রোববারের নির্ধারিত কর্মসূচি শেষ করেছেন। আগামীকাল সোমবার তাঁরা আবারও কর্মসূচি পালন করবেন। আজ বেলা ১১টা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে দুই শতাধিক চাকরিপ্রার্থী অবস্থান কর্মসূচি পালন করেন। এর আগে সকাল ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন তাঁরা। সেখান থেকে একটি মিছিল নিয়ে শাহবাগে গিয়ে দ্রুত নিয়োগপত্র দেওয়ার দাবিতে অবস্থান নেন। আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল বেলা দেড়টার দিকে সচিবালয়ে গিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের চেষ্টা করলেও কারও সাক্ষাৎ পাননি। পরে বেলা সাড়ে তিনটার দিকে তাঁরা শাহবাগে আন্দোলনস্থলে ফিরে আসেন। দীর্ঘ আট মাস অপেক্ষার পর গত ২৪ সেপ্টেম্বর নিয়োগপত্র প্রদান শুরু হলেও শত শত প্রার্থী বাদ পড়েন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশের পাশাপাশি রাজনৈতিক দল ও ছাত্রসংগঠনগুলো প্রতিবাদ জানিয়েছে। এর মধ্যে দ্বিতীয় দফায় কয়েকটি জেলায় নতুন করে শতাধিক প্রার্থীর নিয়োগপত্র ইস্যু করা হয়েছে এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইটে এসব নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। নতুন নিয়োগ পাওয়া জেলাগুলোর মধ্যে রাজশাহীতে ২২ জন, পাবনায় ৩৭, ঠাকুরগাঁওয়ে ২০, টাঙ্গাইলে ১ এবং নড়াইলে ৯ জন রয়েছেন। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুযায়ী, জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৩তম গ্রেডে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্য পদে তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটির সুপারিশের ভিত্তিতে এই নিয়োগ কার্যকর করা হয়েছে। নির্ধারিত নিয়ম ও শর্ত মেনে প্রার্থীদের সংশ্লিষ্ট বিদ্যালয়ে যোগদান করতে হবে। প্রাথমিক শিক্ষক নিয়োগে ৬১ জেলায় দুই হাজারের বেশি প্রার্থী বাদ পড়ার ঘটনায় ২৮ সেপ্টেম্বরের মধ্যে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছিল।
প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীরা শাহবাগে অবস্থান কর্মসূচি শেষ করে সোমবার ফের কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।


0 Comments