জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে দেশে ফেরার পথে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় শনিবার রাত ৮টা ২৩ মিনিটে তাঁকে এবং তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন। জাতিসংঘ অধিবেশনে বৈশ্বিক শান্তি, জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা সংকটসহ নানা আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী। সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী রাত দুইটায় এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটে দুবাই ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং রোববার সকাল ৮টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে গত ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে তিনি সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে তাঁর প্রথম ভাষণ দিয়েছিলেন। নিউইয়র্ক অবস্থানকালে চার দিনের এই সফরে তিনি ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন এবং ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ জাতিসংঘ কর্মকর্তা ও বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় মিলিত হন। এসব বৈঠকে জাতীয় স্বার্থ, বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা এবং স্বাস্থ্য খাতের বিষয়গুলো গুরুত্ব পায়। এছাড়া প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান সফরকালে আটটি উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেন এবং চারটি অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে দেশে ফেরার পথে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


0 Comments