বাংলাদেশে শিশুদের ওপর ঘটে যাওয়া গোপন যৌন নির্যাতনের ঘটনাগুলো জনসমক্ষে আনতে ‘আওয়াজ উঠাও’ (awaz.bd) নামে একটি নতুন অনলাইন প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়েছে। ‘আপনার নীরবতা অপরাধকে প্রশ্রয় দেয়, আপনার তথ্য অপরাধ কমাতে সাহায্য করে’—এই স্লোগানকে সামনে রেখে গত ৭ সেপ্টেম্বর থেকে কার্যক্রম শুরু করে এই উদ্যোগটি। এখানে ভুক্তভোগীরা সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে এবং নিজেদের পরিচয় প্রকাশ না করেই নির্যাতনের অভিজ্ঞতা শেয়ার করতে পারছেন।
উদ্যোক্তাদের দেওয়া তথ্যমতে, প্ল্যাটফর্মটি চালুর পর থেকে গত বুধবার দুপুর পর্যন্ত অন্তত ৬৬টি বেনামী অভিযোগ জমা পড়েছে। প্রাপ্ত তথ্যের বিশ্লেষণে দেখা গেছে, অভিযোগকারীদের মধ্যে প্রায় ৩০ শতাংশের বয়স নির্যাতনের সময় ছিল ১০ থেকে ১২ বছরের মধ্যে। এর মধ্যে ভুক্তভোগীদের ৮০ শতাংশই ছেলেশিশু এবং ২০ শতাংশ মেয়েশিশু। এছাড়া ৭ থেকে ৯ বছর বয়সী শিশুদের ওপর নির্যাতনের হারও উল্লেখযোগ্য।
পরিসংখ্যান অনুযায়ী, ৫২ শতাংশ নির্যাতনের ঘটনা ঘটেছে নিজ বাড়িতে বা আত্মীয়স্বজনের বাসায়। অন্যদিকে ৩৩ শতাংশ ঘটনা ঘটেছে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে। শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটা নির্যাতনের মধ্যে ৬৮ শতাংশ কওমি মাদ্রাসায় এবং ১৪ শতাংশ সাধারণ স্কুলে সংঘটিত হয়েছে বলে তথ্যে উঠে এসেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাকিবুল হাসান এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের গবেষক সালাহউদ্দিন জাহাঙ্গীর যৌথভাবে এই প্ল্যাটফর্মটি প্রতিষ্ঠা করেছেন। তারা জানান, এই উদ্যোগের মূল উদ্দেশ্য সরাসরি আইনি সহায়তা দেওয়া নয়, বরং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা। একইসঙ্গে শিশু নির্যাতন প্রতিরোধে প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওপর কার্যকর চাপ সৃষ্টি করাও তাদের অন্যতম লক্ষ্য। শৈশবের এই ট্রমা কীভাবে মানুষের পরবর্তী জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে, তা এই প্ল্যাটফর্মে জমা পড়া বিভিন্ন অভিজ্ঞতায় ফুটে উঠেছে।
শিশুদের ওপর ঘটে যাওয়া গোপন যৌন নির্যাতনের তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ে চালু হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম আওয়াজ উঠাও। পরিচয় গোপন রেখে এখানে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। সচেতনতা বৃদ্ধিই এর মূল লক্ষ্য।


0 Comments