ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

নিয়োগ পরীক্ষায় প্রক্সি জালিয়াতির অভিযোগে ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্তসহ তিন সরকারি চাকরিজীবী গ্রেপ্তার

নিয়োগ পরীক্ষায় প্রক্সি জালিয়াতির অভিযোগে ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্তসহ তিন সরকারি চাকরিজীবী গ্রেপ্তার

সরকারি চাকরির বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী দিয়ে জালিয়াতির অভিযোগে তিন সরকারি চাকরিজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন সম্প্রতি ৪৫তম বিসিএসে সমবায় ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। শুক্রবার ঢাকা সিআইডি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে সিআইডির নোয়াখালী ইউনিট।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন কক্সবাজারের মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের জুনিয়র সহকারী ব্যবস্থাপক জুলফিকার আলী ওরফে রায়হান, চট্টগ্রামের আগ্রাবাদ কর অঞ্চল-২ কার্যালয়ের অফিস সহায়ক নূরুন্নবী এবং মো. সোহেল। তাঁদের মধ্যে জুলফিকার আলী সম্প্রতি ৪৫তম বিসিএসে সমবায় ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এই মামলায় এখন পর্যন্ত মোট ছয়জনকে গ্রেপ্তার করা হলো।

সিআইডি জানায়, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনে ‘কর অঞ্চল-নোয়াখালী’র গ্রেড-১৩ থেকে গ্রেড-২০ পর্যন্ত বিভিন্ন পদে জনবল নিয়োগের প্রক্রিয়া চলছিল। গত ৫ জুন নোয়াখালীর তিনটি কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষে প্রাথমিকভাবে ১১২ জন প্রার্থীকে নির্বাচিত করে কর্তৃপক্ষ। গত ২১ জুন প্রয়োজনীয় কাগজপত্রসহ তাঁদের যোগদানের নির্দেশ দেওয়া হয়েছিল।

যোগদানের সময় অফিস সহায়ক পদে মনোনীত মো. কামাল উদ্দিন এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে মনোনীত মো. নাসফুরুল্লাহর কাগজপত্র যাচাইকালে তাঁদের মূল আবেদনপত্রের হাতের লেখার সঙ্গে মৌখিক পরীক্ষার চেকলিস্টের লেখার স্পষ্ট অমিল ধরা পড়ে। পরে পুনরায় তাঁদের লিখতে দিলে জালিয়াতির বিষয়টি নিশ্চিত হয় কর্তৃপক্ষ। জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেন যে, পরীক্ষায় নিজেরা অংশ না নিয়ে প্রক্সি পরীক্ষার্থী দিয়েছিলেন। পরবর্তীতে মো. সুজন নামের আরেক প্রার্থীর হাতের লেখাতেও অমিল পাওয়া যায়।

এই ঘটনায় নোয়াখালীর সুধারাম থানায় মামলা দায়ের করা হলে সিআইডির নোয়াখালী জেলা ইউনিট তদন্ত শুরু করে। সিআইডি জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে প্রক্সি পরীক্ষার্থী সরবরাহ করে আসছিল। বৃহস্পতিবার কক্সবাজারের মাতারবাড়ী থেকে ঢাকায় পালিয়ে যাওয়ার সময় জুলফিকারকে এবং আগ্রাবাদ কর কার্যালয় থেকে নূরুন্নবী ও সোহেলকে গ্রেপ্তার করা হয়। জালিয়াতি চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংক্ষেপে:
নিয়োগ পরীক্ষায় প্রক্সি জালিয়াতির অভিযোগে ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্তসহ তিন সরকারি চাকরিজীবীকে গ্রেপ্তার করেছে সিআইডি। কক্সবাজারের মাতারবাড়ী ও চট্টগ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
নিয়োগ পরীক্ষায় প্রক্সি জালিয়াতির অভিযোগে ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্তসহ তিন সরকারি চাকরিজীবী গ্রেপ্তার

0 Comments