আজ ২৫ সেপ্টেম্বর পালিত হচ্ছে বিশ্ব ফার্মাসিস্ট দিবস। ওষুধ ও চিকিৎসাসেবায় নিরাপদ ব্যবহার নিশ্চিতকরণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ফার্মাসিস্টদের অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর এই দিনটি উদযাপিত হয়। এবারের দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে সুস্থ ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়ন। পরিবর্তিত স্বাস্থ্য চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ফার্মাসিস্টদের উপযুক্ত দক্ষতা, স্বীকৃতি এবং স্বাস্থ্যখাতে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ওপর এবার বিশেষ জোর দেওয়া হয়েছে। বৈশ্বিক জনসংখ্যাগত পরিবর্তন, প্রযুক্তির রূপান্তর, জলবায়ু সংকট এবং অসংক্রামক রোগের প্রাদুর্ভাবের ফলে চিকিৎসা সেবার চাহিদা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এমতাবস্থায় আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের পক্ষ থেকে স্বাস্থ্যব্যবস্থায় ফার্মাসিস্টদের আরও নিবিড়ভাবে যুক্ত করার তাগিদ দেওয়া হয়েছে। কেবল ওষুধ সরবরাহেই সীমাবদ্ধ নন ফার্মাসিস্টরা; বরং ওষুধের সঠিক প্রয়োগ নিয়ে পরামর্শ প্রদান, রোগ প্রতিরোধে ভূমিকা রাখা, জনসচেতনতা বৃদ্ধি এবং নতুন ওষুধ উদ্ভাবনে গবেষণা চালিয়ে যাওয়ায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের সভাপতি পল সিনক্লেয়ার উল্লেখ করেছেন যে, পরিবর্তিত স্বাস্থ্যগত চ্যালেঞ্জ মোকাবিলায় ফার্মাসিস্টদের উপযুক্ত কর্মপরিবেশ, প্রয়োজনীয় স্বীকৃতি ও দক্ষতা নিশ্চিত করা অপরিহার্য। তাদের মেধা ও যোগ্যতার পূর্ণ ব্যবহারের সুযোগ সৃষ্টি করা হলে চিকিৎসাব্যবস্থা আরও টেকসই ও সহজলভ্য হয়ে উঠবে। দিবসটি উপলক্ষে সংশ্লিষ্ট নীতিনির্ধারক, রাষ্ট্রীয় প্রশাসন, নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ও সাধারণ জনগণকে ফার্মাসিস্টদের অনুকূল নীতিমালা প্রণয়ন এবং তাদের শিক্ষা ও প্রশিক্ষণে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে। ১৯১২ সালের ২৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের স্মরণে এবং ২০০৯ সালের পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এই দিনে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালন শুরু হয়। এছাড়া ২০২০ সাল থেকে ২৫ সেপ্টেম্বরকে কেন্দ্র করে বিশ্ব ফার্মেসি সপ্তাহও উদযাপিত হয়ে আসছে, যার মাধ্যমে ওষুধবিজ্ঞানী ও প্রযুক্তিবিদসহ সংশ্লিষ্ট পেশাজীবীদের অবদানকে সম্মান জানানো হয়। অ্যান্টিবায়োটিকের নিয়মতান্ত্রিক ব্যবহার নিশ্চিত করা এবং ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণেও ফার্মাসিস্টদের ভূমিকা রয়েছে।
সুস্থ ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়ন প্রতিপাদ্যে আজ পালিত হচ্ছে বিশ্ব ফার্মাসিস্ট দিবস। স্বাস্থ্যব্যবস্থায় ফার্মাসিস্টদের অবদান ও দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে এবারের দিবসে।


0 Comments