কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহারে একশ কোটি মানুষের মৃত্যুর মতো ভয়াবহ বিপর্যয় ঘটার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, কেবল প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর সদিচ্ছার ওপর নির্ভর না করে এআইয়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট আইন প্রণয়ন এবং এর উন্নয়ন ও ব্যবহারে কঠোর নজরদারি করা জরুরি। বিল গেটসের মতে, শক্তিশালী এআই প্রযুক্তি ভুল হাতে চলে গিয়ে ইচ্ছাকৃতভাবে মানুষের ক্ষতি করার ঝুঁকি তৈরি করতে পারে। এআইয়ের নিয়ন্ত্রণ ও নজরদারির বিষয়ে আইনপ্রণেতা এবং আইন প্রয়োগকারী সংস্থাদের যুক্ত করার পক্ষে মত দিয়ে তিনি বলেন, এ ধরনের আইনি পদক্ষেপ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাজ কিছুটা বাড়ালেও প্রযুক্তির সার্বিক উন্নয়ন থেমে যাবে না। এআইয়ের নিরাপত্তা নিয়ে প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিদের মধ্যেও আলোচনা চলছে। অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা দারিও আমোদেই নিয়ন্ত্রণমূলক আইন প্রণয়নের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান ঝুঁকি মূল্যায়ন ও মানুষের নজরদারি নিশ্চিত করতে আন্তর্জাতিক মানদণ্ড তৈরির আহ্বান জানিয়েছেন। তবে এআইয়ের নিরাপত্তা নির্ধারণের পদ্ধতি নিয়ে শীর্ষ কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন এর আগে জাতীয় নিরাপত্তার বিষয় মাথায় রেখে তাড়াহুড়া করে এআই আইন প্রণয়ন নিয়ে সতর্ক করলেও যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য ইতিমধ্যেই নিজস্ব উদ্যোগে এআই নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের অভিন্ন কোনো নিয়ন্ত্রণব্যবস্থা এখনো চূড়ান্ত হয়নি।
এআইয়ের অপব্যবহারে বড় বিপর্যয়ের আশঙ্কায় কঠোর আইন প্রণয়নের তাগিদ দিয়েছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস।


0 Comments