জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে পাঁচ দিনের নিউইয়র্ক সফর সম্পন্ন করে দেশের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে তিনি রওনা হন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও অন্যান্য প্রতিনিধিরা সঙ্গে রয়েছেন। নির্ধারিত সূচি অনুযায়ী, ফ্লাইটটি ২৬ সেপ্টেম্বর রাত ৮টায় দুবাই পৌঁছাবে এবং সেখান থেকে রাত ২টায় ঢাকার পথে যাত্রা করে ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এই যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন। ভাষণে তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবিক সংকট, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরেন। এছাড়া পাঁচ দিনের এই সফরে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের নানা কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থা এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।
জাতিসংঘের ৮১তম অধিবেশনে ৫ দিনের নিউইয়র্ক সফর শেষে দেশের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


0 Comments