জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন চলাকালে কঠোর নিরাপত্তার মধ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে একটি পরিত্যক্ত স্যুটকেসকে কেন্দ্র করে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর জেরে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ঐতিহাসিক ক্রাইসলার বিল্ডিং সাময়িকভাবে খালি করে দেওয়া হয়। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল তিনটার একটু আগে ম্যানহাটনের ইস্ট ৪৩তম স্ট্রিট ও থার্ড অ্যাভিনিউয়ের সংযোগস্থলের ফুটপাতে একটি কালো স্যুটকেস পড়ে থাকতে দেখা যায়। ওই এলাকাটি জাতিসংঘ সদর দপ্তর থেকে মাত্র কয়েকটি ব্লক দূরে অবস্থিত।নিউইয়র্ক পুলিশ বিভাগ বা এনওয়াইপিডি জানিয়েছে, পুলিশের একটি প্রশিক্ষিত কুকুর স্যুটকেসটির ভেতরে সন্দেহজনক কিছু রয়েছে মর্মে সংকেত দেওয়ার পর ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় এনওয়াইপিডির বোম্ব স্কোয়াড এবং ইমার্জেন্সি সার্ভিস ইউনিট। নিরাপত্তার খাতিরে তাৎক্ষণিকভাবে চারপাশের জনবহুল এলাকা কর্ডন করা হয় এবং ক্রাইসলার বিল্ডিং খালি করার নির্দেশ দেওয়া হয়। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সেকেন্ড অ্যাভিনিউ থেকে লেক্সিংটন অ্যাভিনিউ পর্যন্ত ৪২তম থেকে ৪৪তম স্ট্রিট এলাকার যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয় এবং সাধারণ নাগরিকদের ওই পথ এড়িয়ে চলার অনুরোধ জানায় প্রশাসন।প্রায় নব্বই মিনিট ধরে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা চালানোর পর বোম্ব স্কোয়াড নিশ্চিত করে যে ওই স্যুটকেসের ভেতরে কোনো নিরাপত্তা ঝুঁকি বা বিস্ফোরক নেই। পরবর্তীতে বস্তুটিকে নিরাপদ ঘোষণা করা হয়। এই আকস্মিক ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কোনো ধরনের প্রকৃত হুমকির প্রমাণও মেলেনি।বর্তমান সময়ে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশন চলায় বিশ্বের নানা প্রান্তের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ অসংখ্য প্রতিনিধি সেখানে উপস্থিত রয়েছেন। এই কারণে জাতিসংঘ সদর দপ্তর ও এর আশপাশের ম্যানহাটন এলাকায় নিরাপত্তা নজিরবিহীনভাবে বাড়ানো হয়েছে। এনওয়াইপিডির পাশাপাশি ইউএস সিক্রেট সার্ভিস, এফবিআই, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস এবং জাতিসংঘের নিজস্ব নিরাপত্তা বাহিনী সমন্বিতভাবে এই নিরাপত্তা রক্ষা কার্যক্রমে দায়িত্ব পালন করছে।
জাতিসংঘ অধিবেশনের সময় নিউইয়র্কের ম্যানহাটনে একটি পরিত্যক্ত স্যুটকেসকে কেন্দ্র করে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর ফলে ক্রাইসলার বিল্ডিং সাময়িকভাবে খালি করা হয় এবং পুলিশি তল্লাশিতে কোনো ঝুঁকি না পেয়ে পরে পরিস্থিতি স্বাভাবিক ঘোষণা করা হয়।


0 Comments