সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তামার তার চুরির মামলায় রঞ্জন চন্দ্র নামের এক আসামির জামিন আদেশ বাতিল করা হয়েছে। রোববার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৬-এর বিচারক মো. সাদেকীন হাবিবের আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। এর আগে গত বৃহস্পতিবার আদালত ১০ হাজার টাকার মুচলেকায় এই আসামির জামিন মঞ্জুর করেছিলেন। আসামিপক্ষের আইনজীবী পারেমল চন্দ্র বর্মন জামিন বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বৃহস্পতিবার জামিন পাওয়ার পর আজ জামিন নামঞ্জুর করার আদেশ এসেছে। মামলার নথি অনুযায়ী, রঞ্জন চন্দ্র এখনও কারামুক্ত হননি এবং এর আগে এই মামলায় অপর দুই আসামি জামিন পেয়েছেন। মামলার বিবরণে জানা যায়, গত ২২ মে সকাল ১০টা থেকে ১ জুন সকাল ১০টার মধ্যে যেকোনো সময় সচিবালয়ের পুরোনো ভবনের ছাদ থেকে বিটিসিএলের প্রায় ১১০ মিটার তামার তার চুরি হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫ হাজার টাকা। এই ঘটনায় বিটিসিএলের জুনিয়র সহকারী ব্যবস্থাপক মো. ফয়সাল কবীর শাহবাগ থানায় মামলা দায়ের করেন। তদন্তের অংশ হিসেবে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৪ জুন সচিবালয় এলাকা থেকে আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্র ও ভাঙারি ব্যবসায়ী রিজাকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রঞ্জন চন্দ্র চুরির কথা স্বীকার করেছেন এবং চুরি করা কেব্ল থেকে তামা বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনের একটি ভাঙারি দোকানে বিক্রির কথা জানান। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে চোরাই তামার ক্রেতা মাহাবুব হাসানকে গ্রেপ্তার করা হয়। মামলার অভিযুক্ত রিজাকুল ইসলাম ও মাহাবুব হাসান ইতিমধ্যে জামিন পেয়েছেন।
সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তামার তার চুরির মামলায় অভিযুক্ত রঞ্জন চন্দ্রের জামিন আদেশ বাতিল করেছেন আদালত।


0 Comments