ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের হাজারো কর্মকর্তার তথ্য চুরির দাবি শাইনিহান্টার্সের

যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের হাজারো কর্মকর্তার তথ্য চুরির দাবি শাইনিহান্টার্সের

যুক্তরাষ্ট্রের প্রধান কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) হাজারো কর্মকর্তার বিপুল পরিমাণ সংবেদনশীল ব্যক্তিগত তথ্য চুরির দাবি করেছে ‘শাইনিহান্টার্স’ নামক একটি হ্যাকার দল। গত মঙ্গলবার প্রকাশিত এই দাবিতে বলা হয়েছে, এফবিআইয়ের একটি অনলাইন চাকরির পোর্টাল থেকে নথিগুলো হাতিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে বর্তমান ও সাবেক গোয়েন্দা কর্মকর্তা এবং আবেদনকারীদের নাম, স্থায়ী ঠিকানা, ফোন নম্বর, স্বামী বা স্ত্রীর নামসহ কিছু চিকিৎসাসংক্রান্ত তথ্য রয়েছে। তবে দলটি এখনো এসব তথ্য প্রকাশ্যে ফাঁস করেনি।এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল এবং সংস্থাটির সাইবার নিরাপত্তা বিভাগের প্রধান ব্রেট লেদারম্যানকে উদ্দেশ করে অনলাইনে দেওয়া বার্তায় হ্যাকার দলটি এফবিআইয়ের নিরাপত্তাবলয় ভেদ করার দাবি জানায়। চলতি বছরের মার্চ থেকে মে মাসের দিকে এফবিআই তাদের কৌশল সম্পর্কে সতর্ক করে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছিল। তার প্রতিশোধ হিসেবেই এই সাইবার হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে শাইনিহান্টার্স। দলটি এক সপ্তাহের মধ্যে ওই বিজ্ঞপ্তিটি সংশোধন বা সম্পূর্ণ অপসারণের দাবি জানিয়ে অন্যথায় আরও গুরুতর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে।এফবিআইয়ের পক্ষ থেকে তথ্য ফাঁসের বিষয়টি স্বীকার করা হয়েছে। সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, তারা এই দাবির বিষয়ে অবগত রয়েছেন এবং তথ্য ফাঁসের মূল উৎস থার্ড পার্টি নাকি এফবিআইয়ের নিজস্ব ব্যবস্থা, তা খতিয়ে দেখতে কঠোর তদন্ত চলছে। ইতিমধ্যে এফবিআইজবস ডট জিওভিকে সহায়তা করা থার্ড পার্টি সেবাদাতাদের সঙ্গেও কাজ করা হচ্ছে। বুধবার সকালেও চাকরির ওয়েবসাইটটিতে প্রবেশ করা যায়নি এবং আগের দিন সাইটটির হোমপেজে শাইনিহান্টার্সের দখলের একটি ব্যানার ঝুলছিল।নিউইয়র্ক টাইমসকে দেওয়া তথ্যে হ্যাকার দলটি জানিয়েছে, তাদের কাছে ১০ হাজারের বেশি মানুষের ব্যক্তিগত তথ্যের রেকর্ড রয়েছে। অনলাইন সাইবার নিরাপত্তা ও প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ৪০৪ মিডিয়া প্রথম এই সম্ভাব্য হ্যাকিংয়ের খবর প্রকাশ করে। অপরাধী চক্র পর্যবেক্ষণকারী এফবিআইয়ের সাবেক কর্মকর্তা এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা একে সংস্থাটির জন্য একটি বড় ধরনের নিরাপত্তা ঘাটতি ও কাউন্টার ইন্টেলিজেন্সের হুমকি হিসেবে দেখছেন।আইনবিষয়ক প্রতিষ্ঠান বেকার ম্যাকেঞ্জির পার্টনার এবং এফবিআই ও বিচার বিভাগের সাবেক ঊর্ধ্বতন সাইবার নিরাপত্তা কর্মকর্তা সুমন দান্তিকি বলেছেন, খবরটি সত্যি হলে এই তথ্য চুরি জননিরাপত্তা ও পাল্টা গোয়েন্দ গোয়েন্দা ঝুঁকির সৃষ্টি করবে। এফবিআইয়ের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা সিনথিয়া কাইজার উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, যেসব এজেন্ট অপরাধীদের কারাগারে পাঠিয়েছেন, অপরাধীরা তাঁদের ওপর প্রতিশোধ নিতে এই তথ্য ব্যবহার করতে পারে।শাইনিহান্টার্স এর আগেও ক্যানভাস ও টিকিটমাস্টারের মতো বড় প্রতিষ্ঠানে সাইবার হামলার দাবি করেছে। তবে নিরাপত্তা গবেষকদের মতে, দলটি মাঝেমধ্যে তাদের কার্যক্রম নিয়ে বাড়িয়ে বলে। এফবিআইয়ের এই সম্ভাব্য তথ্য ফাঁসের ঘটনা এক দশক আগের ওপিএম ডেটাবেজ চুরির স্মৃতি মনে করিয়ে দিয়েছে। সর্বশেষ ঘটনায় শাইনিহান্টার্স ওরাকল পিপলসফট সফটওয়্যারের একটি জিরো ডে ত্রুটি ব্যবহার করার কথা জানিয়েছে। তবে এফবিআইয়ের বিজ্ঞপ্তি প্রত্যাহার না করা হলে চুরি যাওয়া দুই থেকে তিন টেরাবাইট তথ্য নিয়ে দলটি কী করবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। হ্যাকাররা জানিয়েছে, তাদের এই পদক্ষেপের পেছনে কোনো আর্থিক উদ্দেশ্য নেই, বরং সত্যকে সামনে আনা তাদের লক্ষ্য।

সংক্ষেপে:
এফবিআইয়ের হাজারো কর্মকর্তার সংবেদনশীল ব্যক্তিগত তথ্য চুরির দাবি করেছে শাইনিহান্টার্স। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে মার্কিন তদন্ত সংস্থা।
যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের হাজারো কর্মকর্তার তথ্য চুরির দাবি শাইনিহান্টার্সের

0 Comments