জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও দুবাই সফর শেষ করে দেশের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ভোর ২টা ১৫ মিনিটে তাঁকে ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইটটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে। ফ্লাইটটি সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করেছিলেন তিনি। নিউইয়র্ক অবস্থানকালে চারদিনের সরকারি কর্মসূচিতে প্রধানমন্ত্রী প্রায় ৩০টি অনুষ্ঠানে যোগ দেন। এর মধ্যে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ বিতর্কে তিনি তাঁর প্রথম ভাষণ প্রদান করেন। সফরকালে তিনি শান্তি, গণতন্ত্র, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, মানবিক বিষয় এবং টেকসই উন্নয়নসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অগ্রাধিকার বিষয় বিশ্বমঞ্চে তুলে ধরেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর এই সফরে ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ মোট আটটি ইউএনজিএ-সংশ্লিষ্ট কর্মসূচি, সাইডলাইনে চারটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকে অংশ নেন। এসব দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য এবং আন্তর্জাতিক শান্তির মতো বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হয়। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকা তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানও বিভিন্ন উচ্চপর্যায়ের আটটি কর্মসূচিতে অংশ নেন এবং প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স ও ফার্স্ট স্পাউসেস ডায়ালগসহ চারটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
জাতিসংঘের ৮১তম অধিবেশন ও নিউইয়র্ক সফর শেষে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


0 Comments