দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছর মশাবাহিত এই রোগটিতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে। একই সময়ে নতুন করে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৫ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে একজন করে মোট দুই জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে এই সময়ে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ২৪৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন, বরিশাল বিভাগে ৪৪ জন, রংপুর বিভাগে ৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে ৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী, সারা দেশে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু ঢাকা বিভাগেই ১০২ জন মারা গেছেন। এছাড়া খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে চার জন এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুই জন করে মোট চার জনের মৃত্যু হয়। মার্চ ও এপ্রিলে কোনো প্রাণহানি না ঘটলেও মে মাসে একজন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়। পরবর্তীতে জুলাই মাসে ৩৬ জন এবং আগস্ট মাসে ৪৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চলতি সেপ্টেম্বর মাসের ২৫ দিনে মশাবাহিত এই রোগটিতে ১১৪ জনের মৃত্যু হয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৫ জন রোগী।


0 Comments