রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়সংলগ্ন জাসদের প্রধান কার্যালয়ের ভেতর থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে আইনশৃঙ্খলা বাহিনী এই অভিযান পরিচালনা করে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে জাসদের প্রধান কার্যালয়ের ভেতরে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী জড়ো হন এবং বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। স্থানীয় কয়েকজনের দাবি, সকাল থেকেই ভবনটির ভেতর থেকে স্লোগানের আওয়াজ পাওয়া যাচ্ছিল এবং বিভিন্ন কক্ষে মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহার করা হচ্ছিল। পরিস্থিতি টের পেয়ে পুলিশকে খবর দেওয়া হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভবনটি ঘিরে ফেলে। এদিকে ঘটনাস্থলে উপস্থিত বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সূত্রে জানা যায়, পুলিশের উপস্থিতিতে কার্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয় এবং ভেতরে অবস্থানকারীদের আটক করা হয়। এ সময় জাসদ কার্যালয়ের ভেতরে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে বলেও কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন। তবে এসব বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। জিরো পয়েন্টসংলগ্ন এই কার্যালয়টিতে আওয়ামী লীগ আমলেও জাসদের রাজনৈতিক কার্যক্রম চলত, যদিও পরবর্তীতে তা সীমিত হয়ে আসে। বর্তমান ঘটনার পর জাসদ কার্যালয় ও আশপাশের এলাকায় পুলিশি নিরাপত্তা ও তৎপরতা বাড়ানো হয়েছে। আটক ব্যক্তিদের সুনির্দিষ্ট পরিচয় এবং তাদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে পুলিশের তরফ থেকে বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।
রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ের ভেতর থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।


0 Comments