জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ৩৫ সদস্যের একটি প্রতিনিধিদল যাচ্ছে। রবিবারের এক ব্রিফিংয়ে তিনি জানান, প্রতিনিধিদলে চার জন মন্ত্রীসহ দুজন রাজনৈতিক ব্যক্তিত্বও অন্তর্ভুক্ত রয়েছেন। সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান এবং পররাষ্ট্র মন্ত্রী, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি নিউইয়র্ক থেকেই বহরে যুক্ত হবেন। এছাড়া রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ডক্টর গোলাম মহিউদ্দিন এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকও সফরসঙ্গী হিসেবে থাকছেন। মূলত কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবেই অতীতের তুলনায় ছোট পরিসরে এই সংক্ষিপ্ত সফর সাজানো হয়েছে। শুরুতে ২১ থেকে ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা থাকলেও তা কমিয়ে আনা হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এর পরদিন ২৫ সেপ্টেম্বর রাতেই ঢাকার পথে রওনা হবেন তিনি। নিউইয়র্ক সফরকালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি উন্নয়ন, মহামারি প্রতিরোধ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও পরমাণু নিরস্ত্রীকরণ সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়েও আলোচনা করবে বাংলাদেশ। সফরকালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক, শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ব্রেন্ডান নেলসনের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংক্ষিপ্ত এই সফরে তার সঙ্গী হচ্ছেন ৩৫ জন।


0 Comments