প্রকৃত দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষেরা যাতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পান, তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে সুবিধাভোগী নির্বাচনের প্রক্রিয়ায় রাজনৈতিক কোনো বিবেচনা না রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির প্রথম বৈঠক শেষে কমিটির সভাপতি মো. শাহজাহান সাংবাদিকদের এসব কথা জানান। সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয় তাদের সার্বিক কার্যক্রমের একটি চিত্র তুলে ধরে। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী যাতে প্রকৃত সেবা পায়, সে জন্য কার্যকর পদক্ষেপ নিতে এবং একটি দল হিসেবে একসঙ্গে কাজ করার তাগিদ দেওয়া হয় কমিটির পক্ষ থেকে। বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ফ্যামিলি কার্ডের সম্ভাব্য সুবিধাভোগীদের একটি তথ্যভান্ডার তৈরি করা হবে এবং এতে কোনো রাজনৈতিক বিবেচনা রাখা হবে না। এখন পর্যন্ত দেশের ৫২টি জেলার ৫৪টি উপজেলার ৫৬টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়িত হয়েছে এবং পর্যায়ক্রমে সবাইকে এর আওতায় আনা হবে। বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন যে দলীয় দৃষ্টিভঙ্গি ছাড়াই তাঁরা সবার কল্যাণে কাজ করতে চান। এছাড়া কমিটির সদস্য মো. মজিবুর রহমান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপজেলা পর্যায়ের কার্যক্রমে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করার আহ্বান জানান। কমিটির সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে আরও অংশ নেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন এবং কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম, মোহাম্মদ সালমান ওমর, আরিফা সুলতানা ও নিপুণ রায় চৌধুরী।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগী নির্বাচনে রাজনৈতিক বিবেচনা না রাখার পরামর্শ দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।


0 Comments