পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পাঁচ মাস পর হুগলির শ্রীরামপুরে প্রথম জনসভা করেছেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে তৃণমূল কংগ্রেস হারেনি বরং চক্রান্ত ও ইভিএম হাইজ্যাক করে তাদের হারানো হয়েছে বলে দাবি করেছেন তিনি। শ্রীরামপুর কোর্ট ময়দানে অনুষ্ঠিত এই সমাবেশে তিনি বিতর্কিত এসআইআর প্রক্রিয়া বাতিল করে পুরোনো ভোটার তালিকার ভিত্তিতে পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, মধ্যপ্রদেশ ও হরিয়ানায় পুনর্নির্বাচনের দাবি জানান। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, এসআইআরের মাধ্যমে রাজ্যের প্রায় ৯২ লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আইনের রক্ষক হয়ে ভক্ষক হিসেবে কাজ করেছেন দাবি করে তাঁর অবিলম্বে গ্রেপ্তারের দাবি তোলেন তিনি। এছাড়া বর্তমান বিজেপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতায় আসার পাঁচ মাসের মধ্যেই মানুষ এই সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এবং জনকল্যাণমূলক প্রকল্পে অনিয়ম ও চাঁদাবাজি চলছে। এদিকে শ্রীরামপুরের জনসভায় যাওয়ার পথে উত্তরপাড়ায় হামলার মুখে পড়েন তৃণমূল বিধায়ক কুনাল ঘোষ। বিক্ষোভকারীরা তাঁর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করলে তিনি কাঁধে চোট পান এবং গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার জন্য বিজেপিকে দায়ী করা হলেও বিজেপি একে তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল বলে দাবি করেছে। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কংগ্রেস।
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পাঁচ মাস পর শ্রীরামপুরে প্রথম জনসভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে নির্বাচন কমিশন ও বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন তিনি।


0 Comments