ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

নোবিপ্রবি বাসচালক ও কর্মচারীকে মারধর এবং ভাঙচুরের ঘটনায় মামলা ও গ্রেফতার দুই

নোবিপ্রবি বাসচালক ও কর্মচারীকে মারধর এবং ভাঙচুরের ঘটনায় মামলা ও গ্রেফতার দুই

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ‘গোমতী’ বাসের চালক ও কর্মচারীকে মারধর, বাসের গ্লাস ভাঙচুর, নগদ টাকা ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে সাতটার দিকে নোয়াখালীর সুধারাম মডেল থানাধীন সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সরকারি বাসচালক দিলীপ রবি দাস বাদী হয়ে সুধারাম মডেল থানায় লিখিত এজাহার জমা দেন। এজাহার সূত্রে জানা যায়, দিলীপ রবি দাস নোবিপ্রবির ‘গোমতী’ বাসটি চালিয়ে শিক্ষার্থী আনার জন্য কবিরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় তার সঙ্গে ছিলেন পরিবহন পুলের কর্মচারী মো. আলাউদ্দিন। সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তির সঙ্গে আলাউদ্দিনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা তাকে মারধর করেন এবং হেলমেটের আঘাতে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে জখম করেন। এরপর অভিযুক্তরা বাসে প্রবেশ করে চালক দিলীপ রবি দাসকে নিচে নামিয়ে কিল-ঘুষি মারেন এবং মোটরসাইকেলের চাবি দিয়ে তার মুখের বাম পাশে আঘাত করে রক্তাক্ত করেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, এ সময় দিলীপ রবি দাসের পকেট থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। হামলাকারীদের হাত থেকে বাঁচতে চালক ও কর্মচারী বাসে উঠে দরজা বন্ধ করে দিলে তারা হাত ও হেলমেটের আঘাতে বাসের একটি গ্লাস ভেঙে ফেলেন, যার আনুমানিক ক্ষতি ১৫ হাজার টাকা। এছাড়া তারা উভয়ের ছবি মোবাইল ফোনে ধারণ করে পরবর্তীতে প্রাণনাশের হুমকি দেন। সরকারি দায়িত্ব পালন ও সম্পত্তির ক্ষতি সাধনের অভিযোগে দায়ের করা এই মামলায় অজ্ঞাতনামা দুই ব্যক্তিকে আসামি করা হয়েছে। বাসের চালক দিলীপ রবি দাস জানান, ঘটনার পর বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলে তারা থানায় অবহিত করেন এবং পুলিশ দ্রুত দুজনকে গ্রেফতার করে। সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম জানান, বাসচালকের অভিযোগের ভিত্তিতে দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হয়েছে এবং পুলিশ দ্রুত আসামিদের গ্রেফতার করেছে। প্রশাসন বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

সংক্ষেপে:
নোবিপ্রবি বাসচালক ও কর্মচারীকে মারধর, টাকা ছিনতাই ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। এই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।
নোবিপ্রবি বাসচালক ও কর্মচারীকে মারধর এবং ভাঙচুরের ঘটনায় মামলা ও গ্রেফতার দুই

0 Comments