চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের শব্দ আর তরুণের গানের সুর মিলে ২০০৭ সালে জন্ম নেয় ব্যান্ড তীরন্দাজ। শান শাহেদসহ কয়েকজন তরুণের হাত ধরে শুরু হওয়া এই ব্যান্ডের ড্রামার হিসেবে যাত্রা শুরু হলেও পরবর্তী সময়ে শান শাহেদ ভোকালের দায়িত্ব নেন। ২০০৮ সালের শেষ দিকে ব্যক্তিগত কারণে বেশ কয়েকজন সদস্য ব্যান্ড ছেড়ে চলে যান। ১৯৯৬ সালে প্রকাশিত পেপার রাইমের গান ‘অন্ধকার ঘরে’ নতুন করে রক ফিউশন দিয়ে পরিবেশন করে শ্রোতাদের নজর কাড়ে তীরন্দাজ। ২০১০-১১ সালের দিকে গানটি ঘিরে একটি মিথ ছড়িয়ে পড়ে যে এর লেখক আত্মহত্যা করেছেন, যার কোনো সত্যতা না থাকলেও গানটি দ্রুত মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে। ব্যান্ড নেতা ও ভোকাল শান শাহেদের তথ্য অনুযায়ী, তীরন্দাজ এ পর্যন্ত দেশের বিভিন্ন মঞ্চে পাঁচ শতাধিক পরিবেশনা করেছে। চট্টগ্রাম ছাড়াও ঢাকা ও সিলেটে তাদের সবচেয়ে বেশি অনুষ্ঠান হয়েছে এবং ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত চ্যানেল আইয়ের ব্যান্ড উৎসবে সাতবার অংশ নিয়েছে তারা। ব্যান্ডটি ইতিমধ্যে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের সদস্যপদ লাভ করেছে। তীরন্দাজের মঞ্চজীবনের স্মৃতিতে আইয়ুব বাচ্চুর সঙ্গে একই মঞ্চে পারফর্ম করার অভিজ্ঞতা রয়েছে। এলআরবির ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর আমন্ত্রণে ‘ঘুমন্ত শহর’ গান গেয়েছিলেন শান শাহেদ। এ ছাড়া ২০১৪ সালে রেড রক ফিয়েস্তা আয়োজনে যুক্ত ছিল ব্যান্ডটি। দীর্ঘ এই ১৮ বছরের যাত্রায় বেশ কয়েকজন সদস্য ও ঘনিষ্ঠজনকে হারিয়েছে তীরন্দাজ। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি বান্দরবানে বাস দুর্ঘটনায় মারা যান প্রতিষ্ঠাতা সদস্য কপিল বড়ুয়া এবং ২০১৩ সালের ৫ আগস্ট হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান ব্যবস্থাপক ইমতিয়াজ আলম চৌধুরী। সদস্যদের অনেকেই পেশাগত ব্যস্ততা বা ব্যক্তিগত কারণে সরে গেলেও মৌলিক গান তৈরির কাজ চালিয়ে গেছে ব্যান্ডটি। ২০১৬ সালে সাবেক সদস্য বাহারের লেখা ‘পাগলাটে গান’ প্রকাশের মাধ্যমে তাদের মৌলিক গানের যাত্রা শুরু হয়। বর্তমানে ব্যান্ডটির মোট ১৩টি গান রয়েছে, যার মধ্যে ৯টি রেকর্ড করা হয়েছে। মিশ্র অ্যালবামে ‘কষ্ট’ ও ‘স্তব্ধ পৃথিবী’ প্রকাশের পাশাপাশি বর্তমানে নিজেদের ‘জাগো বাংলাদেশ’ অ্যালবাম নিয়ে কাজ করছে তীরন্দাজ। ব্যান্ডটির বর্তমান লাইনআপে রয়েছেন শান শাহেদ, ওয়াসিফ আজমি, রাফি ইসলাম, রূপন রয়, শাহাদাত হোসেন, শাকিল খান, ফয়সাল আহমেদ, জনি কুমার ও তানভীর নাঈম। চট্টগ্রাম থেকে শুরু হওয়া এই ব্যান্ডটি এখন দেশের সংগীতাঙ্গনে নিজেদের একটি পরিচিত অবস্থান তৈরি করেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন থেকে শুরু করে দীর্ঘ ১৮ বছরের পথচলায় নানা চড়াই-উতরাই পেরিয়ে দেশের সংগীতাঙ্গনে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে ব্যান্ড তীরন্দাজ।


0 Comments