ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহযোগিতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে যুক্তরাজ্য, তুরস্ক, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত। এই দেশগুলোর ভূমিকা ও উদ্যোগের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় যুক্তরাজ্যসহ সংশ্লিষ্ট তিন দেশের সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন, অপারেশন ইকোনমিক আউটকাস্ট শুরুর পর থেকেই ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকরে বিভিন্ন দেশে প্রতিনিধি দল পাঠানো হয়েছে এবং সেই প্রচেষ্টার সুফল মিলছে। মার্কিন অর্থমন্ত্রী জানান, তুরস্ক ও ওমান তাদের ভূখণ্ডে মাহান এয়ারের ফ্লাইট চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাত ইরানি বিমান সংস্থার সব ফ্লাইট স্থগিত করেছে। এর পাশাপাশি দেশগুলোর প্রধান বাণিজ্যিক ব্যাংকগুলোও ইরানের সঙ্গে সব ধরনের লেনদেন বন্ধ ঘোষণা করেছে। স্কট বেসেন্ট আরও জানান, তেহরান যাতে তাদের কার্যক্রম অব্যাহত রাখতে না পারে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যৌথভাবে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করতে উদ্যোগী হয়েছে যুক্তরাজ্য, তুরস্ক, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। বিষয়টির প্রশংসা করে দেশগুলোর প্রতি ধন্যবাদ জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী।


0 Comments