পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম জাগাতে ভৈরব বন্ধুসভার উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও গাছের পরিচর্যাবিষয়ক কর্মসূচি পালন করা হয়েছে। ‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’ প্রতিপাদ্য নিয়ে গত ২৭ আগস্ট আফছর উদ্দিন উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। এদিন শিক্ষার্থীদের মধ্যে শতাধিক ফলদ, বনজ ও পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করা হয় এবং বিদ্যালয় চত্বরে কয়েকটি চারা রোপণ করেন বন্ধুসভার সদস্যরা। চারা হাতে পেয়ে আনন্দ প্রকাশ করে শিক্ষার্থীরা এগুলো পরম যত্নে বড় করে তোলার প্রত্যয় ব্যক্ত করে। কর্মসূচিকে প্রাণবন্ত করতে একটি পরিবেশবিষয়ক কুইজ প্রতিযোগিতাও আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের ভূমিকা তুলে ধরে বক্তব্য দেন ভৈরব বন্ধুসভার সভাপতি জান্নাতুল মিশু। সাধারণ সম্পাদক জিসানউল্লাহ আনাস বৃক্ষরোপণকে ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্ব হিসেবে উল্লেখ করেন এবং পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মহিমা মেধা প্রতিটি চারা পরিচর্যার মাধ্যমে পূর্ণাঙ্গ গাছে পরিণত করার আহ্বান জানান। আফছর উদ্দিন উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম রিপন বন্ধুসভার এই উদ্যোগের প্রশংসা করে আশা প্রকাশ করেন যে শিক্ষার্থীরা গাছগুলোকে ভালোবেসে বড় করে তুলবে এবং পরিবেশ রক্ষায় উদ্যোগী হবে। কর্মসূচির পরবর্তী ধাপে ব্লু বার্ড স্কুলের শিক্ষার্থীদের মধ্যেও অর্ধশত গাছ উপহার দেওয়া হয়। এ ছাড়া পূর্বের বছরগুলোতে রোপণ করা গাছের খোঁজখবর রাখতে জব্বার জুট মিলস সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন সদস্যরা। বিদ্যালয়টির প্রধান শিক্ষক হাসিনা পান্না জানান, গত বছর বন্ধুসভার সহযোগিতায় গড়ে তোলা ফলের বাগানটির সঠিক যত্ন নেওয়া হচ্ছে এবং শিক্ষার্থীদের চাহিদায় চলতি সেপ্টেম্বরেও নতুন চারা উপহার দেওয়া হচ্ছে। সব মিলিয়ে ভৈরব বন্ধুসভা ও শুভানুধ্যায়ীদের যৌথ অর্থায়নে চলতি মৌসুমে দুই শতাধিক চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। এই কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি আফিসা আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল রাজ, বইমেলা সম্পাদক মাহমুদুল হাসান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক হেপী বেগম, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ভুবন আহমেদ এবং সাংস্কৃতিক সম্পাদকসহ অন্যান্য বন্ধুরা।
পরিবেশ রক্ষা ও বৃক্ষপ্রেম বাড়াতে ভৈরব বন্ধুসভার উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি পরিচালিত হয়েছে।


0 Comments