ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জলপাই পেড়ে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজন নামের সাত বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তহসিন হৃদয় নামের চৌদ্দ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরভেলামারি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু রাজন ওই গ্রামের মোফাজ্জল হোসেনের সন্তান এবং অভিযুক্ত তহসিন হৃদয় একই এলাকার আবু বক্কর ছিদ্দিকের ছেলে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে একা থাকা শিশু রাজনকে গাছ থেকে জলপাই পেড়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে যায় কিশোর হৃদয়। সেখানে শিশুটির মুখ চেপে ধরে নির্যাতনের চেষ্টার অভিযোগ রয়েছে। রাজন চিৎকার শুরু করলে শাবল দিয়ে তার গলা ও পিঠে উপর্যুপরি আঘাত করা হয়, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর শিশুটির মরদেহ ঘরের পেছনে একটি শৌচাগারের ভেতর লুকিয়ে রাখে অভিযুক্ত। দীর্ঘ সময় ধরে রাজনকে না পেয়ে পরিবার খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে হৃদয়ের সন্দেহজনক আচরণ দেখে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে প্রথমে অস্বীকার করলেও পরে চাপের মুখে হত্যার কথা স্বীকার করে। তখন স্থানীয় জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শৌচাগার থেকে রাজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজহারুল ইসলাম জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জনতার হাত থেকে অভিযুক্ত কিশোরকে হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোর শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছে এবং এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
ময়মনসিংহের নান্দাইলে জলপাই পেড়ে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজন নামের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জনতা অভিযুক্ত কিশোরকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে।


0 Comments