আগামীকাল বুধবার সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উদযাপিত হবে। এই দিনটি উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা অনুযায়ী ২৩ সেপ্টেম্বর এই ছুটি নির্ধারিত হয়েছে। এর ফলে সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা এই ছুটির আওতায় থাকবেন। তবে দিনটি সব প্রতিষ্ঠানের জন্য সাধারণ ছুটি নয়। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আগামীকাল নিয়মিত কর্মদিবস বহাল রয়েছে। তবে কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সংশ্লিষ্ট কর্মীরা ঐচ্ছিক ছুটি হিসেবে দিনটি উপভোগ করতে পারবেন। পাশাপাশি ব্যাংক, বিমা, করপোরেট অফিসসহ সব বেসরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম ও দাফতরিক কার্যক্রম চলমান থাকবে। ইসলাম ধর্মের ইতিহাস অনুযায়ী, ইয়াজদাহম শব্দের অর্থ এগারো এবং ফাতেহা অর্থ দোয়া করা। বড় পীর হজরত আবদুল কাদের জিলানী (র.)-এর ওফাত দিবস স্মরণে মুসলমানরা এই দিনটিতে বিশেষ দোয়া ও ধর্মীয় আয়োজন করে থাকেন। হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি হজরত আবদুল কাদের জিলানী (র.) ইন্তেকাল করেন। সরকারি ক্যালেন্ডারে দিনটিকে মুসলিম পর্বের ঐচ্ছিক ছুটি হিসেবে রাখা হয়েছে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষাপঞ্জির কারণে শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকলেও সাধারণ অফিস ও কর্পোরেট খাতে কোনো স্বয়ংক্রিয় সাধারণ ছুটি থাকছে না।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামীকাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তবে সরকারি ও বেসরকারি অফিস এবং ব্যাংক স্বাভাবিক নিয়মে খোলা থাকবে।


0 Comments