রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ষষ্ঠ জাতীয় যুব কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই দাবি করেছেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচনের পর এটি প্রমাণিত হয়েছে যে ইসলামের লেবেল ব্যবহার করে যারা মানুষের সঙ্গে প্রতারণা করে না, তাদের দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমাদ সাকীর সঞ্চালনায় এই কনভেনশনটি পরিচালিত হয়। পীর সাহেব চরমোনাই তার বক্তব্যে নারায়ণগঞ্জে যুব আন্দোলনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বুলবুল হত্যার বিচার দাবি করার পাশাপাশি সকল খুন, গুম, ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে যুবসমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। এছাড়া চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার তাগিদ দেন তিনি। কনভেনশনে ইসলামী যুব আন্দোলনের পুরনো কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৭-২৮ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়। এতে মুফতী মানসুর আহমদ সাকীকে সভাপতি, আ হ ম আলাউদ্দীন ও অ্যাডভোকেট বায়েজিদকে সহ-সভাপতি এবং রহমাতুল্লাহ বিন হাবিবকে সেক্রেটারি জেনারেল করা হয়েছে। অনুষ্ঠানে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যুব আন্দোলনের কর্মীরা জীবন বাজি রেখে অংশ নিয়েছিল এবং নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ গ্রহণে তাদের প্রস্তুত থাকতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, আত্মার পরিশুদ্ধি না ঘটিয়ে রাজনৈতিক নেতৃত্বের হাতে ক্ষমতা গেলে ইসলামের কোনো উপকার হবে না। তিনি বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম না কমালে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর গণআন্দোলন গড়ে তোলা হবে। দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান অভিযোগ করেন, বিএনপি এক কোটি যুবকের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও যুবশক্তিকে চাঁদাবাজি ও সন্ত্রাসে ব্যবহার করছে এবং প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি চলছে। আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু না হলে সরকারের নৈতিক ভিত্তি ধসে পড়বে বলেও তিনি মন্তব্য করেন। কনভেনশনে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ ও সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
ইসলামী যুব আন্দোলনের কনভেনশনে পীর সাহেব চরমোনাই বলেছেন, ইসলামের নাম ভাঙিয়ে যারা ধোঁকাবাজি করে না তার নাম ইসলামী আন্দোলন।


0 Comments