মানসিক ভারসাম্য হারিয়ে ২০১৮ সালে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী কাস্টমস এলাকা থেকে নিখোঁজ হওয়া মোহাম্মদ জসিম উদ্দিন নামের এক ব্যক্তি আট বছর পর পরিবারের কাছে ফিরেছেন। গত সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় জসিমের সঙ্গে তার পরিবারের তিন সদস্যের সাক্ষাৎ হয়। জসিম স্থানীয় বাসিন্দা আবুল হোসেনের দ্বিতীয় ছেলে। জসিমের ছোট ভাই মিজানুর রহমান জামি জানান, ২০০৭-০৮ সালের দিকে তার ভাই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং ২০১৮ সালের দিকে তিনি নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে নানাভাবে খোঁজাখুঁজির পর গত ২০ সেপ্টেম্বর ফেসবুকে হোপনেস্ট বিডি নামের একটি পেজে প্রকাশিত ভিডিওর মাধ্যমে তার সন্ধান মেলে। এরপর পরিবারের সদস্যরা পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হন। হোপনেস্ট বাংলাদেশ নামের একটি স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা রংপুরের যুবক জয়নাল আবেদীন রাজিব সম্প্রতি মানসিক ভারসাম্যহীন অবস্থায় জসিমকে বাংলাবান্ধা জিরো পয়েন্টে দেখতে পান। জসিমের পরনে কেবল প্যান্ট থাকলেও অন্য কোনো পোশাক ছিল না এবং তিনি শুধু নিজের নাম ও বালুখালী বাড়ির কথা বলতে পেরেছিলেন। সংগঠনটির পক্ষ থেকে তাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুন পোশাক পরানো হয় এবং পরিবারের সন্ধানে ফেসবুক পেজে দুটি ভিডিও প্রচার করা হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জসিমের ছোট ভাই মিজান যোগাযোগ করে তাকে শনাক্ত করেন। পরিবার জানিয়েছে, অবিবাহিত জসিমের চিকিৎসার জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। এই মানবিক কার্যক্রমে সহায়তা করার জন্য বাংলাবান্ধার স্থানীয় বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে পরিবার ও স্বেচ্ছাসেবী সংগঠনটি।
সোশ্যাল মিডিয়ার একটি ভিডিওর কল্যাণে দীর্ঘ আট বছর পর পরিবারের কাছে ফিরেছেন কক্সবাজারের উখিয়া থেকে নিখোঁজ হওয়া মানসিক ভারসাম্যহীন মোহাম্মদ জসিম উদ্দিন।


0 Comments