কিশোরগঞ্জের অষ্টগ্রামে পর্যটকবাহী পিকআপ ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গাজীপুর জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মিজানুর রহমান (৫৬) প্রাণ হারিয়েছেন। শুক্রবার বিকেলে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েলদার সড়কের ভাতশালা সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও চার আইনজীবী আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহত মিজানুর রহমান গাজীপুরের জয়দেবপুর থানার সালনা এলাকার বাসিন্দা ছিলেন। দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন গাজীপুর জেলা জজ কোর্টের সাবেক ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মকবুল হোসেন কাজল, অ্যাডভোকেট ইকবাল হোসেন ও অ্যাডভোকেট মহসীন রেজা সরকারসহ আরও একজন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে গাজীপুর থেকে নয়জন আইনজীবী কিশোরগঞ্জের হাওরাঞ্চল ভ্রমণে আসেন। ঘোরাঘুরি শেষে বিকেলে তাঁরা অটোরিকশাযোগে মিঠামইন থেকে অষ্টগ্রামের দিকে যাচ্ছিলেন। পথে ভাতশালা সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তাঁদের অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁদের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অ্যাডভোকেট মিজানুর রহমানের মৃত্যু হয়। গুরুতর আহত মকবুল হোসেন কাজল ও ইকবাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ দুর্ঘটনাকবলিত পিকআপ ও অটোরিকশাটি জব্দ করেছে। নিহতের মরদেহের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কিশোরগঞ্জের অষ্টগ্রামে পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে গাজীপুর জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মিজানুর রহমান নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও ৪ আইনজীবী আহত হয়েছেন। পুলিশ ঘাতক যানটি জব্দ করেছে।


0 Comments