রাজধানীর মিরপুর-১-এ অবস্থিত স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। শনিবার রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান। শফিকুল ইসলাম খান উল্লেখ করেন, একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে শুধু প্রত্যক্ষ হামলাকারীদের নয়, বরং পরিকল্পনাকারী, নির্দেশদাতা এবং নেপথ্যে জড়িত ব্যক্তিদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনার তাগিদ দেন। ডিএনসিসি প্রশাসক জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির রাজনৈতিক, সামাজিক কিংবা অন্য কোনো পরিচয় থাকলেও তা আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বিবেচ্য হতে পারে না এবং কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা ক্ষমতার কারণে কাউকে ছাড় দেওয়া উচিত নয়। তিনি আরও উল্লেখ করেন, অপরাধী যে পরিচয়ই বহন করুক না কেন, অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি মিরপুর বিভাগের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলে জানান। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশি অস্ত্র নিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালান। হামলাকারীরা দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে ভাঙচুর ও লুটপাট চালান এবং ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেন। এছাড়া মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, টিকা, টাকা ও অন্যান্য মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগে বলা হয়। এই ঘটনার পর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের পক্ষ থেকে শাহ আলী থানায় মামলা করা হয়েছে এবং প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের অভিযোগ, জায়গাটি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে একটি পক্ষ চেষ্টা করে আসছিল। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মিরপুর এলাকার বাসিন্দাদের শিশুদের টিকাদান, শিশু স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা দিয়ে আসছে এই প্রতিষ্ঠানটি।
মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

0 Comments