রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী মাসের মধ্যেই জাতীয় গ্রিডে প্রথম তিন শ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন জানিয়েছেন, এই প্রকল্পের প্রয়োজনীয় কারিগরি কাজ দ্রুত শেষ করতে বর্তমানে প্রায় চার হাজার রুশ বিশেষজ্ঞ ও প্রকৌশলী কাজ করে যাচ্ছেন। বুধবার বিকেলে গুলশানে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই তথ্য জানান। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করতে যৌথ ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ গঠন এবং মস্কোতে ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম’ আয়োজনের পরিকল্পনা তুলে ধরেন রুশ রাষ্ট্রদূত। আগামী নভেম্বরের শুরুতে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিপক্ষীয় আন্তঃসরকার কমিশনের বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। বাণিজ্য প্রসারের বিষয়ে এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক তৈরি পোশাকের পাশাপাশি রাশিয়ার বাজারে বাংলাদেশের ওষুধ, চামড়াজাত পণ্য, পাট, সিরামিক এবং দক্ষ জনশক্তি রপ্তানি বাড়ানোর তাগিদ দেন। এর জবাবে রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন জানান যে, বাংলাদেশ থেকে জেনেরিক ওষুধ আমদানির আইনি দিকগুলো পর্যালোচনা করছে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে রাশিয়া কৃষি, মৎস্য, জাহাজ নির্মাণ ও সেবা খাতে প্রায় তিন হাজার বাংলাদেশি কর্মীকে ভিসা দিয়েছে। এদিকে একই দিনে এফবিসিসিআই প্রশাসকের সঙ্গে পৃথক বৈঠক করেছেন শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল উইরাক্কোডি। তিনি আগামী ২০২৭ সালের ১৪ থেকে ১৭ জানুয়ারি কলম্বোয় অনুষ্ঠিতব্য ‘শ্রীলঙ্কা এক্সপো’ বাণিজ্য মেলায় এফবিসিসিআইয়ের প্রতিনিধি দল পাঠানোর আমন্ত্রণ জানান এবং এতে ইতিবাচক সাড়া দেওয়া হয়।
আগামী মাসের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে প্রথম ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত।


0 Comments