লক্ষ্মীপুরের রায়পুরে এক সাংবাদিকের বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে জমি দখল এবং বাগান ইজারা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় মা ও ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সোমবার দুপুরে লক্ষ্মীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রেজাউল করিম এ আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাদি মৃধা বাড়িতে দৈনিক খবরপত্রের বিশেষ প্রতিনিধি ও রায়পুর প্রেসক্লাবের সদস্য দেলোয়ার হোসেন মৃধার মালিকানাধীন জমি ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের সূত্রপাত হয়। সাংবাদিক দেলোয়ার হোসেনের অভিযোগ, তাঁর অনুপস্থিতির সুযোগ নিয়ে ভাবী নাছিমা বেগম ও ভাতিজা সাকিবুল হাসান চলাচলের রাস্তা বন্ধ করে প্রায় ৭ ডিসিমি জমি দখল করেন এবং সেখানে থাকা নারিকেল ও সুপারি বাগান ইজারা দেন। এ ঘটনায় তিনি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে পুলিশ তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করে। বাদীপক্ষের আইনজীবী এ.কে.এম. হুমায়ুন কবির ও বিবাদীপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম হাওলাদার গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন। আইনজীবীরা জানান, উভয় পক্ষের যুক্তিতর্ক এবং পুলিশের তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর আদালত এই আদেশ দেন। পরোয়ানা জারির সময় অভিযুক্ত নাছিমা বেগম ও তাঁর ছেলে সাকিবুল হাসান আদালতে উপস্থিত ছিলেন না। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মন্তব্য পাওয়া যায়নি।
লক্ষ্মীপুরে সাংবাদিকের বাড়ির চলাচলের রাস্তা বন্ধ ও জমি দখলের মামলায় মা-ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।


0 Comments