রাজধানীর মিরপুরে অটোরিকশার ভেতর জিম্মি থাকা অর্ক নামে এক কিশোরকে উদ্ধার করেছে পল্লবী ট্রাফিক জোনের পুলিশ। মঙ্গলবার রাতে মিরপুর বাংলা স্কুল গ্যাপ এলাকায় মেট্রোরেলের ২২২ নম্বর পিলারের কাছে এই ঘটনা ঘটে। এ সময় মোহাম্মদ রাব্বি নামে ১৯ বছর বয়সী এক ছিনতাইকারীকে আটক করা গেলেও তার তিন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় ওই এলাকায় দায়িত্বরত একজন ট্রাফিক সদস্যের সন্দেহ হয় যখন তিনি একটি অটোরিকশাকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখেন। তিনি অটোরিকশাটির কাছে গেলে ভেতর থেকে কিশোর অর্ক চিৎকার করে সাহায্য চায়। তাৎক্ষণিকভাবে ওই পুলিশ সদস্য এগিয়ে গিয়ে রাব্বিকে ধরে ফেলেন, তবে বাকিরা পালিয়ে যায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকতার হোসেন জানান, আটক রাব্বিকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোরকে জিম্মি করে ছিনতাইয়ের চেষ্টা চালানো হচ্ছিল। পলাতক বাকি তিনজনকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মিরপুরে অটোরিকশায় জিম্মি এক কিশোরকে উদ্ধার করেছে ট্রাফিক পুলিশ। এ সময় হাতেনাতে আটক করা হয়েছে এক ছিনতাইকারীকে। পালিয়ে যাওয়া বাকিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।


0 Comments