ইরানের পক্ষ থেকে যুদ্ধ বন্ধ ও গুরুত্বপূর্ণ জলপথ খুলে দেওয়ার নতুন প্রস্তাব আসার পর হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ট্রাম্প স্ট্রেইট রেখে একটি মানচিত্র প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সকালে তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ওই মানচিত্রটি শেয়ার করেন। এর আগে তেহরানের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে, যুক্তরাষ্ট্র কয়েকটি নির্দিষ্ট শর্ত মেনে নিলে মাত্র সাত দিনের মধ্যে হরমুজ প্রণালিতে পুনরায় স্বাভাবিক নৌ চলাচল শুরু করা যেতে পারে। ইরানের সেই শর্তগুলোর মধ্যে ছিল দেশটির বন্দরগুলোর ওপর থেকে মার্কিন সামরিক অবরোধ প্রত্যাহার করা, ইরানি তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা এবং লেবাননসহ সংঘাতপূর্ণ অঞ্চলে যুদ্ধবিরতি কার্যকর করা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছিলেন, ওয়াশিংটন এই প্রস্তাব মেনে নিলে নির্ধারিত সময়ের মধ্যেই জলপথটি সচল করা সম্ভব হবে। তবে ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, হরমুজ প্রণালি পুনরায় সচল করা ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামানোর বিষয়ে তেহরানের দেওয়া প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন। এই প্রতিবেদনের পর এখন আনুষ্ঠানিক মার্কিন প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে তেহরান। এর আগেও হরমুজ প্রণালির নাম পরিবর্তনের বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। গত ২ সেপ্টেম্বর ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানতে চেয়েছিলেন যে, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা এই জলপথের নাম ট্রাম্প স্ট্রেইট করা যায় কি না। পরবর্তীতে হোয়াইট হাউসও একই নামে একটি মানচিত্র প্রকাশ্যে এনেছিল। বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও নৌ চলাচল নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বর্তমান সংঘাতে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। ইরানের সাম্প্রতিক প্রস্তাবে জলপথটি খুলে দেওয়ার বিষয়টিকে সরাসরি মার্কিন অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। এর বিপরীতে হোয়াইট হাউস দাবি করেছে যে, তাদের সামরিক বাহিনী হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে এবং সেখানে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল বজায় রাখছে।
ইরানের প্রস্তাবের পর হরমুজ প্রণালির নাম ট্রাম্প স্ট্রেইট দিয়ে মানচিত্র প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


0 Comments