ইউরোপের সঙ্গে কোনো ধরনের সংঘর্ষে জড়ানোর প্রস্তুতি নেয়নি রাশিয়া। সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা বলেন। সম্প্রতি কয়েকটি ন্যাটো সদস্য দেশ ইউরোপে সম্ভাব্য রুশ আগ্রাসনের বিষয়ে সতর্কবার্তা দেওয়ার পর এই বক্তব্য এল। রুশ প্রেসিডেন্ট দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা বাড়ানোর কোনো ধরনের বাস্তবসম্মত কারণ মস্কোর হাতে নেই এবং ইউরোপের যেসব দেশ হামলার এই আশঙ্কা প্রকাশ করছে, তাদের সমালোচনা করেন তিনি। পুতিন উল্লেখ করেন, ইউরোপের অনেকে আশঙ্কা প্রকাশ করছেন যে তাঁদের যুদ্ধ প্রস্তুতি নিতে হবে এবং রাশিয়ার মুখোমুখি হতে হবে। তবে তিনি পুনরায় স্পষ্ট করেন যে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সংঘাতের কোনো উদ্দেশ্য তাঁদের নেই। চলতি মাসের শুরুর দিকে জার্মানি অভিযোগ করেছিল যে গত আগস্টে দেশটির লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার একটি পরিকল্পনা করেছিল মস্কো। এ ছাড়া পোল্যান্ড সতর্ক করে জানিয়েছিল যে ইউক্রেনকে সমর্থন দেওয়া দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে রাশিয়া। অন্যদিকে, ইউক্রেনের সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে দেশটির সঙ্গে নতুন করে শান্তি আলোচনা শুরু করার বিষয়টি রাশিয়া খতিয়ে দেখছে বলে জানান পুতিন। আলোচনা পুনরায় চালুর বিভিন্ন প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, সব প্রস্তাবই আলোচনার টেবিলে রয়েছে এবং সবকিছুই সম্ভব, তবে ইউক্রেনের সাম্প্রতিক পদক্ষেপের বিপরীতে কী ধরনের প্রতিক্রিয়া দেখানো উচিত, তা তাঁরা অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করে দেখছেন।
ইউরোপের সঙ্গে কোনো সংঘাতের প্রস্তুতি নিচ্ছে না রাশিয়া। উত্তেজনা বাড়ানোর বাস্তবসম্মত কোনো কারণ নেই বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


0 Comments