ভোলার মেঘনা নদী ও বঙ্গোপসাগরের সংযোগস্থলে জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বিশাল ‘রাজা ইলিশ’। শুক্রবার সকালে ভোলা সদর উপজেলার ইলিশা তালতলি মাছঘাটে নাগর হাজারির আড়তে মাছটি উন্মুক্ত নিলামে ১২ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়। স্থানীয় মৎস্য ব্যবসায়ী লোকমান হোসেন ব্যাপারী সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি কিনে নেন।
আড়তদার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে বঙ্গোপসাগর মোহনায় মাছ ধরার সময় স্থানীয় জেলে মিরাজ মাঝির জালে এই বিশাল আকৃতির ইলিশটি ধরা পড়ে। শুক্রবার সকালে জেলেরা মাছটি নিয়ে ঘাটে ফিরলে বড় আকারের এই ইলিশ দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। নিলামে অংশ নিয়ে লোকমান হোসেন ব্যাপারী এটি কিনে নেন। তিনি জানান, মাছটি ঢাকার মাওয়া ঘাট বা অন্য কোনো বাজারে ১৫ হাজার টাকায় বিক্রির আশা করছেন তিনি।
আড়তদার নাগর হাজারি জানান, চলতি মৌসুমে এটিই সম্ভবত সবচেয়ে বড় ইলিশ। সচরাচর এত বড় মাছ জালে ধরা পড়ে না। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হুসাইন বলেন, বড় ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের সংবাদ। আড়াই কেজি ওজনের এই মাছটির বয়স আনুমানিক দুই থেকে আড়াই বছর হতে পারে। প্রজনন মৌসুম সামনে রেখে বড় ইলিশগুলো নদীতে আসছে বলে তিনি ধারণা করছেন।
ভোলার মেঘনা ও সাগরের মোহনায় ধরা পড়েছে ২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বিশাল রাজা ইলিশ। সদর উপজেলার তালতলি ঘাটে উন্মুক্ত নিলামে মাছটি ১২ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়েছে।


0 Comments