ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

রাজধানীর মান্ডায় বিজ্ঞান ও উদ্ভাবন মেলায় তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করার ওপর জোর দিয়েছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব

রাজধানীর মান্ডায় বিজ্ঞান ও উদ্ভাবন মেলায় তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করার ওপর জোর দিয়েছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব

রাজধানীর মুগদার মান্ডায় অবস্থিত পার্ক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (পিআইএসসি) স্থায়ী ক্যাম্পাসে ‘সায়েন্স অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’ শিরোনামে বিজ্ঞান ও উদ্ভাবন মেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার আয়োজিত এই মেলায় রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকার স্বনামধন্য বাংলা ও ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অংশ নেয়। বিভিন্ন প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক নানা উদ্ভাবনী প্রকল্প এই প্রদর্শনীতে উপস্থাপন করে। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ এবং সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন স্টল ও প্রকল্প ঘুরে দেখেন এবং পরে বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের হাতে সম্মাননা মেডেল ও পুরস্কার তুলে দেন। এ সময় তিনি মন্তব্য করেন যে, তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তায় উৎসাহিত করার মাধ্যমেই একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা সম্ভব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব উদ্দিন খোকন। এ ছাড়া উদ্বোধনী সেশনে মূল বক্তা (কি-নোট স্পিকার) হিসেবে বক্তব্য দেন মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ জোগান প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রতিষ্ঠানটির বোর্ড অব গভর্ন্যান্সের সদস্য ও প্রধান প্রশাসনিক কর্মকর্তা মো. শাহাবুদ্দিন মোল্লা। এ সময় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং আমন্ত্রিত সুধীজনেরা উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে পার্ক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহসিন মজুমদার বলেন, শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের সৃজনশীলতা ও সুপ্ত উদ্ভাবনী শক্তি বিকশিত করাই তাদের মূল লক্ষ্য। এই আয়োজন তরুণ প্রজন্মকে ভবিষ্যৎ বিজ্ঞানমনস্ক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ প্রেরণা জোগাবে বলে তিনি উল্লেখ করেন।

সংক্ষেপে:
রাজধানীর মান্ডায় পার্ক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান ও উদ্ভাবন মেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
রাজধানীর মান্ডায় বিজ্ঞান ও উদ্ভাবন মেলায় তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করার ওপর জোর দিয়েছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব

0 Comments