চট্টগ্রামের কর্ণফুলী মার্কেটে অনিয়ম ও ক্ষতিকর পণ্য বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেশি ডেইরি অ্যান্ড দই ঘর নামক প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ ও মেয়াদবিহীন মিষ্টান্ন এবং দুগ্ধজাত পণ্য বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মানিক স্টোরকে অননুমোদিত ক্ষতিকর রংযুক্ত কাশ্মীরি মরিচ ও অননুমোদিত কেওড়াজল বিক্রির অপরাধে ৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অন্যদিকে দেবব্রত দাসের মাছের দোকানে মাছ বিক্রিতে কারচুপি এবং দামি মাছের সঙ্গে কম দামি মাছ মিশিয়ে বিক্রির প্রমাণ পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, ভোক্তাদের সঙ্গে প্রতারণা রোধ এবং অনিরাপদ খাদ্যপণ্য বিক্রির বিরুদ্ধে তাদের এই নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ব্যবসায়ীদের পণ্যের মান, মেয়াদ ও সঠিক অনুমোদন নিশ্চিত করে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো পণ্য বাজারজাত করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রামের কর্ণফুলী মার্কেটে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও কারচুপির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


0 Comments