ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, মুঠোফোন এবং ল্যাপটপসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৩ এপিবিএন)। বুধবার দিবাগত রাতে এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রাবিয়া বেগম (৪৮), আকাশ আহমেদ (৩৫) এবং মো. জলিল (৪৬)। এপিবিএনের ভাষ্য অনুযায়ী, বুধবার দিবাগত রাত তিনটার দিকে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলায় ওই তিনজন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তাঁরা পালানোর চেষ্টা করলে এপিবিএন সদস্যরা তাঁদের আটক করেন। পরবর্তীতে তাঁদের শরীর তল্লাশি করে ২২ ক্যারেটের ৩৯৭ দশমিক ৭ গ্রাম অর্থাৎ প্রায় ৩৬ ভরি স্বর্ণালংকার, আটটি মুঠোফোন এবং তিনটি ল্যাপটপ জব্দ করা হয়। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, রাজস্ব ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে চোরাচালানের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের মাধ্যমে এসব মালামাল দেশে আনা হয়েছিল। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে সক্রিয় একটি স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে জড়িত বলে প্রাথমিক তথ্যে জানিয়েছে পুলিশ। এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ নাজির আহমেদ খান জানান, বিমানবন্দর এলাকায় যেকোনো ধরনের অপরাধ দমন এবং চোরাচালান প্রতিরোধে এপিবিএন সর্বদা সক্রিয় রয়েছে। মাদক ও স্বর্ণ চোরাচালান রোধে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনে তাঁরা বদ্ধপরিকর এবং চোরাচালান বিরোধী এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৩৬ ভরি স্বর্ণালংকার, মুঠোফোন ও ল্যাপটপসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এপিবিএন।


0 Comments