স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত এক সেমিনারে বাংলাদেশের বস্ত্র, ওষুধ, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, কৃষি ব্যবসা, তথ্যপ্রযুক্তি, লজিস্টিকস ও ভোগ্যপণ্য খাতে বাণিজ্য ও বিনিয়োগের বড় সম্ভাবনার কথা তুলে ধরেছেন স্পেনের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। মাদ্রিদ চেম্বার অব কমার্সের আয়োজনে এবং এফবিসিসিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, গত বৃহস্পতিবার বাংলাদেশ: বিশ্ব অর্থনীতিতে একটি কৌশলগত অংশীদার শীর্ষক এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে মাদ্রিদ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট অ্যাঞ্জেলো আসেন্সিয়ো বাংলাদেশকে এশিয়ার অন্যতম উদীয়মান বাজার হিসেবে উল্লেখ করে বলেন, দেশটি টেকসই প্রবৃদ্ধি ও অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক অংশীদার এবং ২০২৫ সালে উভয় পক্ষের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ২৩ দশমিক ৩ বিলিয়ন ইউরো। এছাড়া ২০১৮ থেকে ২০৩০ সাল মেয়াদে বাংলাদেশে পরিবেশবান্ধব ভবন নির্মাণসহ বিভিন্ন খাতে প্রায় ১৭২ বিলিয়ন মার্কিন ডলারের পরিবেশবান্ধব বিনিয়োগের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি। তবে রপ্তানি বহুমুখীকরণকে তিনি একটি বড় চ্যালেঞ্জ ও সম্ভাবনা হিসেবে চিহ্নিত করেন। সেমিনারে ইউরোপীয় ইউনিয়নের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। বর্তমান সরকার বৈদেশিক বিনিয়োগকে উৎসাহিত করছে উল্লেখ করে তিনি জানান, নবায়নযোগ্য জ্বালানি, লজিস্টিকস ও অবকাঠামো খাতে বিনিয়োগকারীদের বিনা মূল্যে জমি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি মাদ্রিদ চেম্বারের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং এর প্রেক্ষিতে মাদ্রিদ চেম্বারের সভাপতি অ্যাঞ্জেলো আসেন্সিয়ো আগামী নভেম্বর নাগাদ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের পরিকল্পনার কথা জানান। সেমিনারে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য দেন ইউরোচ্যাম বাংলাদেশের প্রেসিডেন্ট নুরিয়া লোপেজ, আন্তর্জাতিক বাণিজ্য পরামর্শক পাবলো আরাউজো, মলিন্স–এর এশিয়া ও আফ্রিকার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট তারেক এলবা ও রিকভার–এর সাসটেইনেবিলিটি বিভাগের গ্লোবাল ডিরেক্টর আনা রোডেস। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য দেন ইনভেস্ট বাংলাদেশের সদস্য নাহিয়ান রহমান ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ। অনুষ্ঠানে স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মাসুদুর রহমান ও এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীরসহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি ও সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হকের নেতৃত্বে ২৬ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল গত ২৩ সেপ্টেম্বর থেকে ১১ দিনের সফরে ইউরোপে অবস্থান করছে।
স্পেনের মাদ্রিদে আয়োজিত সেমিনারে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ ও বাণিজ্যের ব্যাপক সম্ভাবনার কথা জানিয়েছেন স্প্যানিশ ব্যবসায়ী ও উদ্যোক্তারা। আগামী নভেম্বরে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরের পরিকল্পনা রয়েছে।


0 Comments