ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

শ্রীমঙ্গলে পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনকে কারাদণ্ড

শ্রীমঙ্গলে পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনকে কারাদণ্ড

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রায়পরান, কেদারপুর চা-বাগান এবং দিনারপুর এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন জানায়, রোববার সকাল ১০টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। এ সময় তাকে সহায়তা করে শ্রীমঙ্গল থানা-পুলিশের একটি দল। অভিযানকালে কেদারপুর চা-বাগানের দিনারপুর ছড়া থেকে অবৈধ পন্থায় বালু সংগ্রহ করার সময় জুনেল ঝরা (৩০) এবং সোহাগ মুন্ডা (২৪) নামের দুই তরুণকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে পৃথক দুটি মামলা দায়ের করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ের ফেসবুক পেজ ‘এসি ল্যান্ড শ্রীমঙ্গল’-এ একটি পোস্টের মাধ্যমে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, পাহাড়ি ছড়া ও ছোট নদীবেষ্টিত এই অঞ্চলে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী রাজনৈতিক মহলের ছত্রচ্ছায়ায় থাকা সংঘবদ্ধ চক্র বেপরোয়াভাবে বালু উত্তোলন করে আসছে। প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যে শ্রমিক বা চালকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলেও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন। ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনের পাশাপাশি সড়কে বালুবাহী বেপরোয়া ড্রাম ট্রাক চলাচলও বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক বছরে বিভিন্ন সড়কে ড্রাম ট্রাকের ধাক্কায় পথচারী, নারী ও শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন এবং বিদেশি পর্যটকও আহত হয়েছেন। গত ৩ সেপ্টেম্বর সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সুরমাভ্যালি এলাকায় বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান নামের এক ইজিবাইকচালক প্রাণ হারান। এর আগে ২০২৪ সালের জুলাইয়ে ভুনবীর ইউনিয়নে ট্রাকচাপায় এক নারী ও তার সাত বছর বয়সী সন্তান নিহত হন। একের পর এক প্রাণহানির ঘটনা ঘটলেও সড়কে ড্রাম ট্রাকের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না থাকায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, কেবল শ্রমিকদের সাজা দিয়ে এই অপরাধ রোধ করা সম্ভব নয়, বরং পরিবেশ রক্ষা ও সড়ক দুর্ঘটনা এড়াতে বালু উত্তোলনের মূল হোতাদের আইনের আওতায় আনা এবং ড্রাম ট্রাকের চলাচল কঠোর নজরদারির মধ্যে আনা প্রয়োজন।

সংক্ষেপে:
শ্রীমঙ্গলের মির্জাপুরে পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শ্রীমঙ্গলে পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনকে কারাদণ্ড

0 Comments