পাকিস্তানের আলোচিত নাটক দার–ই–নাজাতের একটি দৃশ্য এবং এর গল্প নিয়ে দর্শকদের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে। নাটকের ১৪ ও ১৫তম পর্বে জারিয়াব চরিত্রের মানসিক ভেঙে পড়া এবং আবু বকরের এগিয়ে আসার দৃশ্যটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তোলেন দর্শকেরা। অনেকের মতে, জারিয়াবের পুরুষের সাহায্যের চেয়ে মানসিক চিকিৎসার প্রয়োজন ছিল, আবার কেউ মনে করেন নারীর কষ্ট মুক্তির চেয়ে পুরুষের উপস্থিতিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। নাটকে জারিয়াব চরিত্রে অভিনয় করেছেন দুরেফিশান সেলিম। গত রোববার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এসব সমালোচনার জবাব দেন এই অভিনেত্রী। দুরেফিশান জানান, নাটকটি নারীদের এই বার্তা দেয় না যে কষ্ট থেকে বের হতে পুরুষের প্রয়োজন, বরং এটি নারী ও পুরুষের জন্য সমাজের ভিন্ন নিয়মকে প্রশ্ন করে। তিনি উল্লেখ করেন, একজন পুরুষ ভুল করে অনুতপ্ত হয়ে নতুন জীবন শুরুর সুযোগ পেলেও নারীদের পুরোনো সিদ্ধান্তের দায় দীর্ঘ সময় বহন করতে হয়। চরিত্রের সব সিদ্ধান্তের সঙ্গে দর্শকদের একমত হতে হবে এমন নয় উল্লেখ করে তিনি বলেন, মানুষের জটিল অনুভূতি বোঝার চেষ্টা করা জরুরি। নাটকে ধর্মের পথে ফেরার অজুহাতে জামিল জারিয়াবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে অন্য নারীকে বিয়ে করেন এবং নতুন জীবন শুরু করেন। অন্যদিকে জারিয়াব অতীত নিয়ে অপরাধবোধে ভোগেন। দুরেফিশানের মতে, নাটকটি ভুল করার পর পুরুষ ও নারীর নতুন জীবন শুরুর সুযোগ পাওয়ার বৈষম্য নিয়ে প্রশ্ন তোলে। এছাড়া ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি নাটকটিকে এক নারীর নিজেকে খুঁজে পাওয়ার গল্প হিসেবেও বর্ণনা করেছেন।
পাকিস্তানের আলোচিত নাটক দার–ই–নাজাতের দৃশ্য ও গল্প নিয়ে তৈরি হওয়া সমালোচনার জবাব দিয়েছেন অভিনেত্রী দুরেফিশান সেলিম।


0 Comments