যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছেন দেশটির ফেডারেল আদালত। সিএনএন, এমএস নাউ ও পলিটিকো নামক তিনটি গণমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশ নিষিদ্ধ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সিএনবিসির খবরে বলা হয়, প্রেসিডেন্টের এই পদক্ষেপের বিরুদ্ধে গত সোমবার ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে মামলা করে গণমাধ্যমগুলো। একই সঙ্গে নিষেধাজ্ঞা স্থগিতের সাময়িক আদেশ দেওয়ার অনুরোধ জানানো হয়। স্থানীয় সময় গত বুধবার এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির পর বিচারক অবিলম্বে হোয়াইট হাউসে গণমাধ্যমগুলোর সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহাল করার নির্দেশ দেন। বিচারক টিমোথি কেলি জানান, সাংবাদিকদের প্রেস পাস বাতিলের সিদ্ধান্তটি সম্ভবত সাংবিধানিক অধিকারকে লঙ্ঘন করেছে। সাধারণ নিয়ম অনুযায়ী, সাংবিধানিকভাবে সুরক্ষিত কোনো অধিকার থেকে কাউকে বঞ্চিত করার আগে তাকে অবশ্যই বিষয়টি অবহিত করতে হবে এবং বক্তব্য উপস্থাপনের সুযোগ দিতে হবে। প্রবেশাধিকার পুনর্বহাল সংক্রান্ত আদালতের দেওয়া এই আদেশের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ১৪ দিন। এর আগে গত শুক্রবার ডোনাল্ড ট্রাম্প ওই গণমাধ্যমগুলোর সাংবাদিকদের প্রবেশাধিকারের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। তার দাবি ছিল, এই গণমাধ্যমগুলো ভুয়া খবর ও মিথ্যা তথ্য প্রচার করে থাকে। নির্বাচনী প্রচারের সময় এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরও ট্রাম্প বিভিন্ন সময়ে গণমাধ্যমের সমালোচনা করে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে করা মামলায় সিএনএন, এমএস নাউ ও পলিটিকো অভিযোগ করেছে যে, নিষেধাজ্ঞা জারির মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী লঙ্ঘন করা হয়েছে, যেখানে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার কথা বলা রয়েছে।
হোয়াইট হাউসে সিএনএন, এমএস নাউ ও পলিটিকোর প্রবেশ নিষেধাজ্ঞা স্থগিত করে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত।


0 Comments