জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে পাঁচ দিনের যুক্তরাষ্ট্র সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে তাকে ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে স্থানীয় সময় ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক ত্যাগ করেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে এটি ছিল তার প্রথম ভাষণ। নিউইয়র্ক সফরকালে তিনি মোট ৩০টি সরকারি কর্মসূচিতে অংশ নেন যার মধ্যে ১১টি দেশের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অন্তর্ভুক্ত ছিল। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন এক প্রেস ব্রিফিংয়ে জানান যে এসব দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তির মতো বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হয়। তিনি আরও জানান যে প্রধানমন্ত্রী ইউএনজিএ-সংশ্লিষ্ট আটটি কর্মসূচি, সাইডলাইনের চারটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান এবং ১১টি দ্বিপক্ষীয় বৈঠকে যোগদানের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করেছেন। এছাড়া সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান আটটি উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেন এবং জাতিসংঘ সাধারণ পরিষদের প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স ও ফার্স্ট স্পাউসেস ডায়ালগসহ মাতৃ ও শিশু স্বাস্থ্য এবং মিডওয়াইফারি বিষয়ক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন ও নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


0 Comments