ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

ফেরার বছরেই বড় সাফল্য, এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে তিনটি পুরস্কার জিতল বিটিএস

ফেরার বছরেই বড় সাফল্য, এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে তিনটি পুরস্কার জিতল বিটিএস

দীর্ঘ বিরতির পর পূর্ণ সদস্য নিয়ে ফেরার বছরেই বড় সাফল্য অর্জন করেছে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত ২০২৬ সালের এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (ভিএমএ) তিনটি গুরুত্বপূর্ণ পুরস্কার জিতেছে দলটি। রোববার ঘোষণা করা এই আসরে বিটিএসের ‘সুইম’ গানটি ‘সং অব দ্য ইয়ার’ খেতাব অর্জন করেছে। এ ছাড়া গ্রুপটি ‘বেস্ট কে-পপ’ এবং ‘বেস্ট গ্রুপ’ ক্যাটাগরিতেও বিজয়ী হয়েছে। তবে পুরস্কার বিতরণের মূল অনুষ্ঠানে দলটির কোনো সদস্য উপস্থিত ছিলেন না। প্রায় চার বছর পর গত মার্চে পূর্ণাঙ্গ লাইনআপে ফিরে আসে বিটিএস। পুরস্কার অর্জনের পর তাদের এজেন্সি বিগহিট মিউজিকের মাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলা হয়েছে, সব সময় অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থনের জন্য ভক্তদের আন্তরিক ধন্যবাদ। বিটিএসের পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’-এর মূল গান হলো ‘সুইম’। দলটির সদস্যরা জানিয়েছেন, ‘আরিরাং’ অ্যালবামটি তাদের কাছে একটি নতুন সূচনার মতো, যে কারণে এবারের অর্জন তাদের কাছে আরও বেশি অর্থবহ। ‘সং অব দ্য ইয়ার’ বিভাগে ম্যাডোনা ও সাবরিনা কার্পেন্টারের ‘ব্রিং ইয়োর লাভ’, রেইয়ের ‘হয়্যার ইজ মাই হাজব্যান্ড!’, এলা ল্যাংলির ‘চুজিন টেক্সাস’ এবং ‘কে-পপ ডেমন হান্টার্স’ ছবির ‘গোল্ডেন’-এর মতো শক্তিশালী গানগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে বিজয়ী হয় বিটিএসের ‘সুইম’। গত মার্চে মুক্তি পাওয়ার পর থেকেই গানটি দারুণ জনপ্রিয়তা পায়। ৪ এপ্রিল প্রকাশিত বিলবোর্ড হট ১০০-এর তালিকায় গানটি শীর্ষে জায়গা করে নেয়। এ ছাড়া যুক্তরাজ্যের অফিশিয়াল সিঙ্গেলস চার্টে দ্বিতীয় অবস্থানে ছিল এটি এবং স্পটিফাইয়ের বৈশ্বিক দৈনিক গানের তালিকায় টানা ২৫ দিন শীর্ষস্থান ধরে রেখেছিল। এদিকে ‘বেস্ট গ্রুপ’ ক্যাটাগরিতে পঞ্চমবারের মতো পুরস্কার জিতল বিটিএস। এর আগে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা চারবার এই পুরস্কার নিজেদের করে নিয়েছিল দলটি। এর মাধ্যমে ভিএমএর ইতিহাসে এই বিভাগে সবচেয়ে বেশি পুরস্কার জয়ের রেকর্ড গড়ল বিটিএস। সব মিলিয়ে এখন পর্যন্ত ভিএমএ আসরে এক ডজনের বেশি পুরস্কার অর্জিত হয়েছে দলটির ঝুলিতে। ২০১৯ সালে প্রথম মনোনয়ন পাওয়ার পর থেকেই তারা ‘বেস্ট কোরিওগ্রাফি’ ও ‘সং অব দ্য সামার’-এর মতো বিভিন্ন বিভাগে বিজয়ী হয়েছে। ২০২০ সালে ‘অন’ গানের সুবাদে ‘বেস্ট পপ’ পুরস্কারও জিতেছিল দলটি। এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের এই সফলতার পরই এবার বিশ্বসফরে নামছে বিটিএস। আগামী শুক্রবার কলম্বিয়ার বোগোতা শহর থেকে শুরু হতে যাচ্ছে তাদের ‘বিটিএস ওয়ার্ল্ড ট্যুর-আরিরাং’-এর দক্ষিণ আমেরিকা পর্ব। এই সফরে লিমা, সান্তিয়াগো, বুয়েনস এইরেস ও সাও পাওলোর মঞ্চ মাতাবে দলটি। এই পাঁচ শহরে সব মিলিয়ে মোট ১৪টি কনসার্ট পরিবেশন করার কথা রয়েছে তাদের। অন্যদিকে, এবারের ভিএমএ আসরে ইতিহাস সৃষ্টি করেছেন ব্ল্যাকপিংকের সদস্য লিসাও। নিজের ‘ড্রিম’ গানের সুবাদে ‘বেস্ট পপ’ পুরস্কার অর্জন করেছেন তিনি। ভিএমএর ইতিহাসে এই মর্যাদাপূর্ণ পুরস্কার জয়ী প্রথম এশীয় একক শিল্পী হিসেবে নাম লেখালেন লিসা।

সংক্ষেপে:
ফেরার বছরেই এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে তিনটি পুরস্কার জিতে নিয়েছে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। সুইম গানের জন্য সং অব দ্য ইয়ারসহ বেস্ট কে-পপ এবং বেস্ট গ্রুপ পুরস্কার জিতেছে দলটি।
ফেরার বছরেই বড় সাফল্য, এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে তিনটি পুরস্কার জিতল বিটিএস

0 Comments