রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাসহ চার আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। আদালতের আদেশ অনুযায়ী, প্রধান আসামি আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের বংশাল থানার ৩২ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর ইউনিটের দপ্তর সম্পাদক মো. রায়হান উদ্দিনকে চার দিন এবং অন্য তিন আসামি রাসেল খান, আলা উদ্দিন ও আব্দুল্লাহ মাসহুর আশরাফীকে দুই দিন করে রিমান্ড দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুণ অর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির ওয়ারী জোনের পরিদর্শক মোহাম্মদ গোলাম মোস্তফা আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। অন্যদিকে শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের নির্দোষ দাবি করে রিমান্ড বাতিলের আবেদন জানান। মামলার নথির বিবরণ অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর রাতে যাত্রাবাড়ী থানার সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যাতে ইবাদুর রহমান নামের এক ব্যক্তি আহত হন। ভিডিও ফুটেজ দেখে এক ব্যক্তিকে শনাক্ত করার পর ১৯ সেপ্টেম্বর বংশাল এলাকায় অভিযান চালিয়ে মো. রায়হান উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তী সময়ে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে লাল স্কচটেপে মোড়ানো চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়, যা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল নিষ্ক্রিয় করে। রায়হানের দেওয়া তথ্যের সূত্র ধরে পরবর্তীতে ডেমরা থানার ডগাইরপাড় এলাকায় অভিযান চালিয়ে রাসেল, আলা উদ্দিন ও আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। ককটেল বিস্ফোরণের এই ঘটনায় যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল রানা বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে মামলাটি দায়ের করেন।
রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাসহ চার আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


0 Comments