ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

জার্মানির বার্লিন নির্বাচনে এগিয়ে বামপন্থী ডি লিংকে, মেকলেনবুর্গ–ভোরপোমার্নে এএফডি

জার্মানির বার্লিন নির্বাচনে এগিয়ে বামপন্থী ডি লিংকে, মেকলেনবুর্গ–ভোরপোমার্নে এএফডি

জার্মানির রাজধানী বার্লিনের রাজ্য নির্বাচনে কট্টর বামপন্থী দল ডি লিংকে বা দ্য লেফট সবচেয়ে বেশি ভোট পেতে যাচ্ছে বলে বুথফেরত ফলাফলে উঠে এসেছে। স্থানীয় সময় রোববার ভোট গ্রহণ শেষে এই ফল প্রকাশিত হয়। ১৯৯০ সালে জার্মানির পুনর্মিলনের পর এই প্রথমবার কোনো বামপন্থী দলের সামনে বার্লিনের মেয়রের কার্যালয়ের নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। তবে এককভাবে সরকার গঠনের জন্য পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দলটিকে জোট গঠন করতে হবে। জার্মানির সরকারি সম্প্রচারমাধ্যম এআরডির বুথফেরত ফলাফল অনুযায়ী, ডি লিংকে পেতে যাচ্ছে ২৪ দশমিক ৫ শতাংশ ভোট। চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের নেতৃত্বাধীন ক্ষমতাসীন রক্ষণশীল দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন বা সিডিইউ পাচ্ছে ২০ শতাংশ ভোট এবং কট্টর ডানপন্থী দল অলটারনেটিভ ফুয়া ডয়েচ বা এএফডি ১৬ শতাংশ ভোট পেতে পারে। অন্য দিকে, মেকলেনবুর্গ–ভোরপোমার্ন রাজ্যের নির্বাচনে এগিয়ে রয়েছে এএফডি। বুথফেরত ফলাফল ইঙ্গিত দিচ্ছে যে দলটি ৩৭ শতাংশ ভোট পেতে পারে এবং তাদের ঠিক পেছনে থাকা মধ্য-বামপন্থী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি বা এসপিডি পেতে পারে ৩৬ শতাংশ ভোট। মেকলেনবুর্গ–ভোরপোমার্নের এই নির্বাচনী ফলাফলকে বিপর্যয় হিসেবে আখ্যায়িত করেছেন চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। রোববারের এই নির্বাচনে বার্লিনে প্রায় ২৫ লাখ এবং মেকলেনবুর্গ–ভোরপোমার্নে প্রায় ১৩ লাখ ভোটার ছিলেন। ঐতিহ্যগতভাবে এই দুই রাজ্য বামপন্থীদের ঘাঁটি হিসেবে পরিচিত। আল–জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, দুই সপ্তাহ আগে স্যাক্সনি–আনহাল্ট রাজ্যের নির্বাচনে এএফডির কাছে বড় ব্যবধানে হেরেছিল চ্যান্সেলর মের্ৎসের দল সিডিইউ। ১৯৪৫ সালের পর জার্মানির কোনো রাজ্য নির্বাচনে এটি ছিল কোনো কট্টর ডানপন্থী দলের সবচেয়ে বড় সাফল্য, যা ইউরোপজুড়ে আলোচনার জন্ম দেয়। স্যাক্সনি–আনহাল্টে এএফডি ৪৩ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে ৮৩ আসনের পার্লামেন্টে ৩৯টি আসন লাভ করে। এদিকে সাম্প্রতিক এক জনমত জরিপ অনুযায়ী, ক্ষমতায় আসার মাত্র ১৬ মাসের মধ্যে চ্যান্সেলর মের্ৎসের জনপ্রিয়তা কমে ১৪ শতাংশে নেমে এসেছে। মধ্য-বামপন্থী এসপিডির সঙ্গে মিলে সরকার পরিচালনা করলেও অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের প্রতিশ্রুতি পূরণে হিমশিম খাওয়ার কারণে নিজ দলেই তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

সংক্ষেপে:
জার্মানির বার্লিন রাজ্য নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেতে যাচ্ছে বামপন্থী ডি লিংকে। তবে মেকলেনবুর্গ–ভোরপোমার্নে এগিয়ে রয়েছে কট্টর ডানপন্থী এএফডি।
জার্মানির বার্লিন নির্বাচনে এগিয়ে বামপন্থী ডি লিংকে, মেকলেনবুর্গ–ভোরপোমার্নে এএফডি

0 Comments