পাবনার ঈশ্বরদীতে পদ্মার অবৈধ বালুবাহী ভারী যানবাহনের চলাচলের কারণে একটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা তৈরি হয়েছে। এর ফলে আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এই পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে এবং দ্রুত সড়কটি সংস্কারের দাবিতে সড়কে অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের ইলশামারি শহীদ মোল্লার মোড় এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে পদ্মার বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলন করে আসছে। সেই বালু বহনের জন্য ভারী যানবাহন চলাচলের কারণে সড়কটির পিচ-ঢালাই উঠে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে অবস্থা এমন দাঁড়িয়েছে যে হেঁটে চলাচল করাও দুরূহ হয়ে গেছে। জানা গেছে, সাঁড়া ইউনিয়নের ইলশামারি মোড় থেকে শুরু হয়ে মাজদিয়া গ্রাম ও ইপিজেডের সামনে গিয়ে শেষ হওয়া প্রায় সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ এই সড়ক দিয়ে ইপিজেড, মাদ্রাসা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো মানুষ যাতায়াত করেন। সরেজমিনে দেখা যায়, বিক্ষোভকারীরা সড়কে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিয়ে সড়ক সংস্কারের দাবি জানাচ্ছেন এবং নিজেদের উদ্যোগে খানাখন্দে বালি দিয়ে তা চলাচলের উপযোগী করার চেষ্টা করছেন। বিক্ষুব্ধ এলাকাবাসী জানান, সড়কটির পাশেই ঈশ্বরদী ইপিজেড এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে কর্মরত হাজার হাজার শ্রমিকের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এই ভাঙা ও পিচ্ছিল রাস্তায় প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। এছাড়া রোগীদের সময়মতো চিকিৎসাকেন্দ্রে নেওয়াও কঠিন হয়ে পড়েছে। দ্রুত অবৈধ বালু উত্তোলন ও ভারী যান চলাচল বন্ধ এবং সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসার মোহাম্মদ শোয়াইব জানান, এই সড়কগুলো সংস্কারের প্রস্তাবনা ইতোমধ্যে তৈরি করা হয়েছে এবং কিছু সড়কের কাজ চলমান রয়েছে। খুব শীঘ্রই এই সড়কটির সংস্কার কাজও শুরু হবে। পাশাপাশি বালুবাহী অবৈধ যানবাহন চলাচল রোধে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
পাবনার ঈশ্বরদীতে অবৈধ বালুবাহী যানের কারণে সড়ক নষ্ট হওয়ায় চরম ভোগান্তিতে এলাকাবাসী। দ্রুত সড়ক সংস্কার ও অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
-6abb98354ab38.webp)

0 Comments