কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতির ফলে চাকরির বাজার নিয়ে উদ্বেগ বাড়লেও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, এআইয়ের সংস্পর্শে থাকা কাজের কারণে সামগ্রিক কর্মসংস্থান কমে যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। শ্রমবাজারে নতুন প্রবেশ করা তরুণদের নিয়ে আশঙ্কা সবচেয়ে বেশি থাকলেও পুরো অর্থনীতিতে ব্যাপক চাকরি হারানোর স্পষ্ট লক্ষণ এখনো নেই। তবে ২২ থেকে ২৫ বছর বয়সী তরুণদের মধ্যে এআইয়ের প্রভাব বেশি, এমন পেশায় কর্মসংস্থান কিছুটা কমেছে। কোরিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ও এশীয় উন্নয়ন ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ লি জং-হোয়া প্রজেক্ট সিন্ডিকেটে প্রকাশিত এক লেখায় এ বিষয়গুলো তুলে ধরেছেন। এআই প্রযুক্তির কারণে কিছু প্রাথমিক পর্যায়ের চাকরিতে প্রভাব দেখা গেলেও তা সীমিত ও অসম। যুক্তরাষ্ট্রের গবেষণায় দেখা গেছে, এআইনির্ভরশীল পেশায় তরুণদের কর্মসংস্থান তুলনামূলক কম এআইনির্ভর খাতের তুলনায় ১৯ শতাংশ কম। এক্ষেত্রে ছাঁটাইয়ের চেয়ে নতুন নিয়োগ কমে যাওয়াই প্রধান কারণ। তবে ২০২২ সাল থেকেই এই খাতের প্রাথমিক স্তরের নিয়োগ কমতে শুরু করায় এর পেছনে সুদের হার বৃদ্ধি কিংবা মহামারির পরের অর্থনীতির পুনর্বিন্যাসের ভূমিকা থাকতে পারে। এশিয়ার বিভিন্ন দেশে এআইয়ের প্রভাব ভিন্ন ভিন্ন দেখা যাচ্ছে। দক্ষিণ কোরিয়ায় তরুণদের কর্মসংস্থান কমলেও পঞ্চাশোর্ধ্ব কর্মীদের কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে আসিয়ানের মোট কর্মসংস্থানের ২২ দশমিক ৯ শতাংশ এআইয়ের আংশিক প্রভাবের আওতায় থাকলেও সর্বোচ্চ ঝুঁকির পেশায় ছিলেন মাত্র ৩ দশমিক ৩ শতাংশ কর্মী। চীনে দ্রুত এআই ব্যবহারের ফলে কিছু কর্মীর ওপর চাপ তৈরি হলেও উচ্চ যুব বেকারত্বের পেছনে ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বেসরকারি খাতের দুর্বলতাও দায়ী। অন্যদিকে জাপানে দ্রুত জনসংখ্যা বৃদ্ধাবস্থার কারণে সৃষ্ট শ্রমিকসংকট মোকাবিলায় এআইকে হুমকির বদলে সমাধানের অংশ হিসেবে দেখা হচ্ছে। এআইয়ের সম্ভাব্য পরিবর্তনের মোকাবিলায় এশিয়ার দেশগুলোতে তরুণদের ডিজিটাল দক্ষতার পাশাপাশি বিশ্লেষণী চিন্তা, যোগাযোগ ও সৃজনশীলতার মতো দক্ষতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে শক্তিশালী শ্রমবাজার প্রতিষ্ঠান এবং কার্যকর অর্থনৈতিক নীতি প্রণয়নের তাগিদ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক গবেষণায় এআইয়ের সংস্পর্শে থাকা কাজের কারণে সামগ্রিক কর্মসংস্থান কমে যাওয়ার প্রমাণ মেলেনি।


0 Comments