ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় এবং পেশাগত সাফল্যের মধ্য দিয়ে সময় পার করছেন ব্রিটিশ-ব্রাজিলীয় অভিনেত্রী কায়া স্কোডেলারিও। নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ দ্য জেন্টলম্যান–এর দ্বিতীয় মৌসুমে সুসি গ্লাস চরিত্রে অভিনয় করে আবারও আলোচনায় এসেছেন তিনি। বর্তমানে আইএমডিবির মোস্ট পপুলার টিভি শোজ–এর তালিকায় সিরিজটি এবং ট্রেন্ডিং তারকার তালিকার শীর্ষে রয়েছেন কায়া। কাজের সূত্রেই ব্রিটিশ পরিচালক ও চিত্রনাট্যকার এরান ক্রিভির সঙ্গে কায়ার পরিচয় হয়, যিনি দ্য জেন্টলম্যান সিরিজের পরিচালক হিসেবে কাজ করেছেন। গত জুলাইয়ে লন্ডনের একটি উন্মুক্ত কনসার্টে তাঁদের চুম্বনরত ছবি পরিচালক এরান ক্রিভি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলেও পরে তা সরিয়ে নেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের তথ্য অনুযায়ী, তাঁদের সম্পর্কটি গ্রীষ্মে শুরু হয়েছে এবং এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। কায়ার সম্পর্কের ইতিহাসও বেশ আলোচিত। ক্যারিয়ারের শুরুতে স্কিনস সিরিজের সহশিল্পী জ্যাক ও’কনেলের সঙ্গে দুই বছর প্রেম করার পর অভিনেতা এলিয়ট টিটেনসরের সঙ্গে তাঁর পাঁচ বছরের সম্পর্ক ভাঙে। এরপর ২০১৪ সালে দ্য কিংস ডটার ছবিতে কাজ করার সময় আমেরিকান অভিনেতা বেঞ্জামিন ওয়াকারের প্রেমে পড়েন এবং ২০১৫ সালে বিয়ে করেন। দীর্ঘ ১০ বছরের দাম্পত্য জীবনের পর ২০২৪ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। ব্যক্তিগত জীবনের এই পরিবর্তনের পাশাপাশি পেশাগত জীবনেও দারুণ সময় কাটাচ্ছেন তিনি। ২০০৭ সালে স্কিনস সিরিজে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া কায়া দ্য মেইজ রানার সিরিজ, পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড মেন টেল নো টেলস এবং উদারিং হাইটস সিনেমায় অভিনয় করেছেন। দ্য জেন্টলম্যান সিরিজের দ্বিতীয় মৌসুম মুক্তির পর এর তৃতীয় মৌসুমও নিশ্চিত হয়েছে, যা তাঁর ক্যারিয়ারকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। দ্য সান, আইএমডিবি ও হ্যালো ম্যাগাজিনের তথ্যের ওপর ভিত্তি করে এসব বিষয় জানা গেছে।
দ্য জেন্টলম্যানখ্যাত তারকা কায়া স্কোডেলারিও পরিচালক এরান ক্রিভির সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন। একই সঙ্গে পেশাগত জীবনেও আইএমডিবির ট্রেন্ডিং তালিকার শীর্ষে রয়েছেন এই অভিনেত্রী।


0 Comments