কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের অদূরে গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা এফভি রিফাত নামের একটি ফিশিং ট্রলারসহ ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। কোস্ট গার্ডের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর ১৩ জন জেলেকে নিয়ে টেকনাফ থেকে গভীর সাগরে মাছ ধরতে যায় ট্রলারটি। পরবর্তীতে গত সোমবার বিকেল চারটার দিকে মাছ ধরা শেষে ফেরার পথে ট্রলারটির ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে সাগরে ভাসতে শুরু করে। মাঝিমাল্লারা অনেক চেষ্টা করেও ইঞ্জিন সচল করতে ব্যর্থ হন। একপর্যায়ে ট্রলারের এক জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সাহায্য প্রার্থনা করেন। এই সংবাদ পেয়ে সমুদ্রে টহলে থাকা কোস্ট গার্ড জাহাজ বিসিজিএস সৈয়দ নজরুল তৎক্ষণাৎ উদ্ধার তৎপরতা শুরু করে। পরবর্তীতে সেন্টমার্টিন দ্বীপ থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণ দিক থেকে ট্রলারসহ ওই জেলেদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারের পর জেলেদের কোস্ট গার্ড জাহাজে প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়। বর্তমানে উদ্ধারকৃত ট্রলার ও জেলেদের তাদের মালিকপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম।
সেন্টমার্টিন সাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান ফিশিং ট্রলার থেকে ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।


0 Comments