বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্যচুক্তি রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) বাংলাদেশের যুক্ত হওয়ার প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে। গত সোমবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত পঞ্চম আরসিইপি মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশসহ চার দেশ ও অঞ্চলের অন্তর্ভুক্তি প্রক্রিয়া এগিয়ে নিতে একটি বিশেষ অ্যাডহক অ্যাকসেশন ওয়ার্কিং গ্রুপ গঠনের সুপারিশ অনুমোদন করা হয়েছে। সদস্যদেশগুলোর মন্ত্রীরা আরসিইপি যৌথ কমিটির (আরজেসি) দেওয়া এই সুপারিশে আনুষ্ঠানিক সম্মতি জানান। বাংলাদেশের পাশাপাশি এই প্রক্রিয়ায় রয়েছে চিলি, শ্রীলঙ্কা এবং হংকং। বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে জানানো হয়, আরসিইপি চুক্তি একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক চুক্তি হিসেবে বহাল থাকবে এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির প্রক্রিয়ায় অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন মন্ত্রীরা। নতুন গঠিত এই গ্রুপ বাংলাদেশ, চিলি, হংকং ও শ্রীলঙ্কার সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা এবং সদস্য হওয়ার প্রক্রিয়ার কারিগরি কাজ এগিয়ে নেওয়ার দায়িত্বে থাকবে। আরসিইপির বর্তমান সদস্যদেশগুলোর মধ্যে রয়েছে আসিয়ানের ১০টি দেশ ছাড়াও অস্ট্রেলিয়া, চীন, জাপান, নিউজিল্যান্ড ও দক্ষিণ কোরিয়া। এ ছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে আরসিইপিতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করা উরুগুয়ের বিষয়টিও বৈঠকে যথাযথভাবে বিবেচনা করা হবে বলে জানানো হয়। বৈঠকে ইন্দোনেশিয়ার বাণিজ্য উপমন্ত্রী দিয়াহ রোরো এস্তি উইদিয়া পুত্রি এবং নিউজিল্যান্ডের পার্লামেন্টের পররাষ্ট্র, প্রতিরক্ষা ও বাণিজ্য কমিটির সদস্য ড. শেন রেটি যৌথভাবে সভাপতিত্ব করেন।
বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্যচুক্তি আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে। ম্যানিলায় অনুষ্ঠিত বৈঠকে বিশেষ ওয়ার্কিং গ্রুপ গঠনের সুপারিশ অনুমোদিত হয়েছে।


0 Comments