২০১৫ সালে বরিশালের আগৈলঝাড়ায় ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২২তম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন নিহত ছাত্রদল নেতা টিপু হাওলাদারের দুলাভাই শাহ মো. বখতিয়ার। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই জবানবন্দি দেন তিনি। এই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে বিচার চলছে। মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত আড়াইটার দিকে আগৈলঝাড়া বাইপাস সড়কে উপজেলা ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার এবং জাসাসের সাংগঠনিক সম্পাদক কবির মোল্লাকে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়। জবানবন্দিতে শাহ মো. বখতিয়ার জানান, তৎকালীন সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ ও তাঁর স্বজনেরা বিএনপি ঘরানার রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের আওয়ামী লীগে যোগ দিতে চাপ দিতেন। শহীদ জিয়ার আদর্শের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তাঁরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এ সময় গোলাম মর্তুজা খান ও আবদুর রইস সেরসহ স্থানীয় নেতারা বরিশালের বিভিন্ন স্থানে সংঘটিত ক্রসফায়ারের ঘটনার ভয় দেখাতেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন তিনি। হুমকির মুখে তাঁরা এলাকায় থাকতে না পেরে বিভিন্ন আত্মীয়স্বজনের বাসায় আশ্রয় নেন বলে জানান তিনি। শাহ মো. বখতিয়ার বলেন, ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাতে ঢাকার কেরানীগঞ্জের একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তাঁর শ্যালক টিপু হাওলাদারকে তুলে নেওয়া হয়। এরপর ২০ ফেব্রুয়ারি দিবাগত রাতে টিপু ও কবিরকে ক্রসফায়ারে হত্যা করা হয়। টিপুর লাশ বাড়িতে পৌঁছানোর পর শেষবিদায়ে অংশ নিতে চাইলে স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাঁকে বাড়িতে গেলে একই পরিণতি বরণের হুমকি দিয়েছিলেন বলে সাক্ষ্যে জানান তিনি। সংবাদমাধ্যম ও লোকমুখে শুনেছেন দাবি করে তিনি জানান, উজিরপুর থানার দুই পুলিশ সদস্যকে এই ক্রসফায়ার কার্যকরের জন্য আনা হয়েছিল। তিনি এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপযুক্ত বিচার দাবি করেন। এই মামলার চার আসামির মধ্যে আবুল হাসানাত আবদুল্লাহ এবং বরিশালের তৎকালীন পুলিশ সুপার (এসপি) এ কে এম এহসানউল্লাহ পলাতক রয়েছেন। অপর দুই আসামি বরিশালের উজিরপুর থানার তৎকালীন এএসআই মো. মাহাবুল ইসলাম ও মো. জসিম উদ্দিন কারাগারে আটক রয়েছেন।
বরিশালে ছাত্রদল ও জাসাস নেতাকে ক্রসফায়ারে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন নিহত টিপু হাওলাদারের দুলাভাই শাহ মো. বখতিয়ার।


0 Comments